সাতকানিয়ায় নিখোঁজের একদিন পর পুকুরে ভাসমান বৃদ্ধ মো. ইলিয়াছের (৭০) মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৯ জুন) সকাল সোয়া ১০ টার দিকে উপজেলার ছদাহা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব ছৈয়দাবাদ গ্রামের ফুলন বাবুর পুকুর থেকে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়।
মো. ইলিয়াছ ওই এলাকার মৃত মোখলেছুর রহমান ছেলে।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৭ জুন) রাতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন ইলিয়াছ। সোমবার সকালে স্থানীয়রা পুকুরে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে।
স্থানীয় একাধিক ব্যক্তি জানান, প্রায় সময় মদ পান করে যত্রতত্র পড়ে থাকতেন ইলিয়াছ। মদ্যপ অবস্থায় হয়ত তিনি পুকুরে পড়ে যান। এরপর মারা যান।
এদিকে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়ায় পুলিশ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে।
যোগাযোগ করা হলে চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী আলোকিত চট্টগ্রামকে বলেন, আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারের পর পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, বৃদ্ধ ইলিয়াছ নিয়মিত মদ পান করতেন এবং মদ্যপ অবস্থায় তিনি পুকুরে পড়ে গেছেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হয়েছে।
ডিএ/আলোকিত চট্টগ্রাম
