রমজানে বন্ধ থাকবে না স্কুল

রমজানে বন্ধ থাকছে না স্কুল। সরকারি–বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয় ১৮ ফেব্রুয়ারি থেকে বন্ধ রাখতে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন তা স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ের আবেদনের শুনানি নিয়ে সোমবার (১৬ ফেব্রুয়ারি) আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এ আদেশ দেন।

আদেশে বলা হয়, হাইকোর্টের আদেশ নিয়ে লিভ টু আপিল না করা পর্যন্ত স্থগিতাদেশ দেওয়া হলো।

এর আগে এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রোববার (১৫ ফেব্রুয়ারি) হাইকোর্ট রুলসহ আদেশ দিয়েছিলেন। এতে সরকারি–বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয় আগামী ৮ মার্চের পরিবর্তে ১৮ ফেব্রুয়ারি থেকে বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়।

এদিকে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে শিক্ষা মন্ত্রণালয় আপিল বিভাগে আবেদন করে। এটি আজ চেম্বার আদালতে শুনানি হয়। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে থাকা অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ এবং অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক অনীক আর হক।

সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াছ আলী মণ্ডল গত ২০ জানুয়ারি রিট আবেদনটি করেছিলেন। তাঁর যুক্তি ছিল, বাংলাদেশের ৯৮ শতাংশ নাগরিক মুসলমান। সংবিধানের ২ক অনুযায়ী ‘প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম ইসলাম’ এবং ৩১ অনুচ্ছেদ অনুযায়ী আইন ছাড়া কিছুই করা যাবে না। আইন অর্থ আইনের ক্ষমতাসম্পন্ন যেকোনো প্রথা ও রীতি। স্বাধীনতার পর থেকে রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকে। এটিই প্রথা এবং এভাবে সব শিক্ষাপ্রতিষ্ঠান রমজান মাসে বন্ধ থাকে। তাই প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় রমজান মাসে খোলা রাখার ওই সিদ্ধান্ত সংবিধান সমর্থন করে না।

শুনানি শেষে হাইকোর্ট রুল দিয়ে ৮ মার্চের পরিবর্তে ১৮ ফেব্রুয়ারি থেকে স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশ আজ স্থগিত হলো।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm