‘ধর্ষণ’ ছাড়া সব রাজনৈতিক মামলা প্রত্যাহার হবে

রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে করা মামলা হলে ধর্ষণ মামলা ছাড়া হত্যাসহ অন্য সব ধরনের মামলাই তুলে নেওয়া হবে।

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদে এমনটিই বলেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক শুরু হয় বিকেল ৪টা ২০ মিনিটে। এ সময় সংসদ সদস্য মো. কেরামত আলী ও জয়নাল আবদীন ফারুকের সম্পূরক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ১০ আগস্টের পর জুলাই গণঅভ্যুত্থান-সংশ্লিষ্ট মামলাগুলোর অধিকাংশের ইতোমধ্যেই চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। আর যেসব মামলায় অভিযোগপত্র দেওয়া হলেও এখনো সাক্ষ্যগ্রহণ শুরু হয়নি, সেগুলো প্রত্যাহারের প্রক্রিয়ার আওতায় নেওয়া হয়েছে। এভাবে ইতোমধ্যে ২৪ হাজারের বেশি মামলা প্রত্যাহার সম্পন্ন হয়েছে।

মো. আসাদুজ্জামান বলেন, যেসব মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়ে গেছে, সেগুলোও প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে কিছু ব্যক্তি বেগম খালেদা জিয়ার আদর্শের অনুসারী হিসেবে আদালতের মাধ্যমে আইনি প্রক্রিয়ায় মামলা নিষ্পত্তি করে খালাস পাওয়ার পথ বেছে নিয়েছেন; সে কারণে সব মামলা একযোগে প্রত্যাহার করা সম্ভব হয়নি।

আইনমন্ত্রী বলেন, যাদের বিরুদ্ধে এখনো মামলা রয়েছে, তারা নির্ধারিত ফরমে আবেদন করলে তা যাচাই-বাছাই করে প্রত্যাহারের ব্যবস্থা নেওয়া হবে। মামলাটি রাজনৈতিক প্রকৃতির হলে ক্ষেত্রবিশেষে হত্যা মামলাও প্রত্যাহার করা হবে। তবে ধর্ষণ মামলা পুরোপুরি এর বাইরে থাকবে।

এর আগে সংসদ সদস্যদের লিখিত প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, এ পর্যন্ত মোট ২৪ হাজার ১৩টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জে বিচারক সংকটের বিষয়ে সংসদ সদস্য মো. কেরামত আলীর সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্তমানে দেশে ৩৯৪টি বিচারকের পদ শূন্য রয়েছে। এসব শূন্যপদ পূরণের জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে। খুব শিগগিরই এই শূন্যতা ও সংকট দূর হবে।

আইনমন্ত্রী আরও উল্লেখ করেন, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী থেকে মামলা প্রত্যাহারের যেসব আবেদন এসেছিল, সেগুলোর মধ্যে ছাত্রশিবিরের আবেদনগুলো যথাযথ ফরমে জমা হওয়ায় তা প্রত্যাহার করা হয়েছে। তবে জামায়াতের পক্ষ থেকে পাঠানো কয়েকটি আবেদন সঠিক ফরমে না থাকায় ফেরত পাঠানো হয়েছে। এ বিষয়ে জামায়াতের নায়েবে আমির ও সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারকে ফোন করে আবেদনগুলো সঠিক ফরমে পুনরায় জমা দেওয়ার অনুরোধ জানিয়েছি।

অন্যদিকে সংসদ সদস্য জয়নাল আবদিন ফারুক তার বিরুদ্ধে থাকা ৮৬টি মামলাসহ অন্যান্য সংসদ সদস্যদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর তালিকা সংসদে উপস্থাপনের অনুরোধ জানান।

জবাবে আইনমন্ত্রী বলেন, মামলা দায়েরের সময় কোনোটির গায়ে ‘রাজনৈতিক মামলা’ লেখা থাকে না। এই কারণে ভুক্তভোগী রাজনৈতিক নেতা-কর্মীদের নির্ধারিত ফরমে আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে। আবেদন পাওয়া গেলে যথাযথ আইনি প্রক্রিয়ায় মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হবে।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm