টেকনাফের গহিন পাহাড়ে পাচারকারীদের গুলিতে সেনা সদস্য নিহতের ঘটনায় ৩ মামলা

কক্সবাজারের টেকনাফের গহিন পাহাড়ে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীদের গুলিতে সেনা সদস্য মো. তিতাস শেখ নিহতের ঘটনায় তিনটি মামলা হয়েছে। হত্যা, মানবপাচার ও অস্ত্র আইনে পৃথক এই তিনটি মামলা করা হয়। এছাড়া ঘটনাস্থল থেকে গ্রেপ্তার ছয়জনকে আদালতে পাঠানো হয়েছে।

সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মিনাজুল ইসলাম বাদী হয়ে রোববার (৮ নভেম্বর) রাতে টেকনাফ মডেল থানায় হত্যা মামলা করেন। অন্যদিকে টেকনাফ মডেল থানার এসআই সৈকত মজুমদার বাদী হয়ে অস্ত্র ও মানব পাচারের অভিযোগে পৃথক দুটি মামলা করেন।

জানতে চাইলে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম আলোকিত চট্টগ্রামকে বলেন, সেনা সদস্য নিহতের ঘটনায় সেনাবাহিনী ও পুলিশের পক্ষ থেকে পৃথক তিনটি মামলা করা হয়েছে। এছাড়া অভিযানস্থল থেকে গ্রেপ্তার ছয়জনের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নিয়ে তাদের কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।

এর আগে ৫ নভেম্বর বিকেলে টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকার গহিন পাহাড়ে প্রায় ১২০ জন রোহিঙ্গা ও বাংলাদেশি নাগরিককে জিম্মি করে রাখে একটি সশস্ত্র মানব পাচারকারী দল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর-১০ পদাতিক ডিভিশন, বিজিবি ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ দল সেখানে অভিযান চালায়। অভিযানকালে পাচারকারীরা অতর্কিত গুলিবর্ষণ শুরু করলে উভয়পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এতে সৈনিক মো. তিতাস শেখ বাম কাঁধে গুলিবিদ্ধ হন। গুরুতর অবস্থায় তাকে রামু সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অভিযানস্থল থেকে যৌথ বাহিনী দুটি পিস্তল এবং চার রাউন্ড গুলিসহ ছয়জনকে গ্রেপ্তার করে।

বিডি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm