এবারের জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে মুঠোফোন নিয়ে ভোটকেন্দ্রে যেতে পারবেন না ভোটাররা। নির্বাচন কমিশনের দেওয়া বিজ্ঞপ্তিতে এমনটিই জানানো হয়েছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) এ বিজ্ঞপ্তি দেয় নির্বাচন কমিশন। বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে ফোন নিয়ে যাওয়া যাবে না।
এদিকে সাধারণ ভোটারদের ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকলেও তিন ধরনের ব্যক্তি ভোটকেন্দ্রে মুঠোফোন নিয়ে যেতে পারবেন। তাঁরা হলেন— ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার, ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত পুলিশ ইনচার্জ এবং ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ ব্যবহারকারী আনসার বা ভিডিপির দুই সদস্য।
আগামী ১২ ফেব্রুয়ারি হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। এবার ৬৪ জেলায় মোট ভোটকেন্দ্র ৪২ হাজারের বেশি। মোট ভোটকক্ষ প্রায় আড়াই লাখ।
এবার ৩০০ আসনের মধ্যে ২৯৯ আসনে ভোটগ্রহণ হবে। শেরপুর–৩ আসনের এক প্রার্থীর মৃত্যুর কারণে সেখানে ভোট হবে না। এবারের নির্বাচনে অংশ নিচ্ছে নির্বাচন কমিশনে নিবন্ধিত ৫১টি দল।
আলোকিত চট্টগ্রাম

