মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় দেবরাজ বণিক (২১) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার বাবা আশিষ বণিক।
বুধবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার জোরারগঞ্জের চৌধুরীহাট পুলিশ ফাঁড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দেবরাজ উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ৩ নম্বর দেওয়ানপুর বণিকপাড়া এলাকার বাসিন্দা। তিনি ফেনী সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী।
স্বজনরা জানান, বাবাকে নিয়ে দোকান বন্ধ করে দেবরাজ মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। চৌধুরীহাট এলাকায় এলে দ্রুতগতির মাছবাহী পিকআপ তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন দেবরাজ ও তার বাবা। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দেবরাজকে মৃত ঘোষণা করে। আহত বাবার হাসপাতালে চিকিৎসা চলছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তন্ময় জামশেদ আলোকিত চট্টগ্রামকে বলেন, রাতে সড়ক দুর্ঘটনায় শিকার দুইজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে দেবরাজ বণিক নামে একজনকে মৃত ঘোষণা করা হয়। তার বাবাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
জানতে চাইলে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হালিম বলেন, ঘটনার পরপর আমাদের টিম হাসপাতালে যায়। ভিকটিমের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এএ/আলোকিত চট্টগ্রাম


