চট্টগ্রাম কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু 

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে মারা গেছেন আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম (৫৫)।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নুরুল ইসলাম মিরসরাই পৌরসভার ৭নং ওয়ার্ডের তারাকাটিয়া এলাকার সুলতান মিস্ত্রি বাড়ির মৃত সুলতান আহমদের ছেলে। তিনি ওই ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

মিরসরাই উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সাইফুল ইসলাম বলেন, নুরুল ইসলাম মিরসরাই পৌরসভার ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। বুধবার দুপুরে কারাগারে অসুস্থবোধ করলে তাকে কারা কর্তৃপক্ষ হাসপাতালে নিয়ে যায়। দুপুর ৩টার দিকে তার মৃত্যু হয়। নুরুল ইসলাম খুব ভালো লোক ছিলেন। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। অল্প বয়সে তারা এতিম হয়ে গেল।

জানতে চাইলে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেলা সুপার মো. ইকবাল হোসেন আলোকিত চট্টগ্রামকে বলেন, দুপুর আড়াইটার দিকে নুরুল ইসলাম কারাগারে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে কারাগারের হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে দুপুর ৩টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মরদেহ চমেক হাসপাতাল মর্গে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তিনি আরও বলেন, সন্ত্রাসবিরোধী আইনের এক মামলায় গ্রেপ্তার নুরুল ইসলামকে গত ৩১ জুলাই কারাগারে আনা হয়েছিল।

এএ/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm