মিরসরাইয়ে গভীর রাতে অস্ত্র হাতে সাবেক এএসপির ঘরে ডাকাতি

মিরসরাইয়ে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে পুলিশের সাবেক এএসপির ঘরে ডাকাতি হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) রাত আড়াইটার দিকে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুরের শেখেরতালুক এলাকায় এ ঘটনা ঘটে। ডাকাতরা ৬ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৪০ হাজার টাকা, দুটি স্মার্টফোন, কম্পিউটারসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ।

ভুক্তভোগী অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার মতিন উল্লাহ বলেন, শুক্রবার রাত আড়াইটার দিকে খুন্তি (শাবল) দিয়ে ঘরের দরজা ভেঙে মুখোশ পরা ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল ঘরে প্রবেশ করে। এ সময় অস্ত্রের মুখে পরিবারের সকল সদস্যদের জিম্মি করে ফেলে। পরে স্বর্ণালঙ্কার, মুঠোফোন, সিসিটিভি ক্যামেরার মনিটর ও ডিভাইস, ওয়াই-ফাই রাউটার, কম্পিউটার, মনিটর, সিপিইউসহ বিভিন্ন মূল্যবান মালামাল নিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তিনি আরও বলেন, ডাকাতরা যাওয়ার সময় সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে এর মনিটর ও হার্ডডিস্ক খুলে নিয়ে যায়।

জানতে চাইলে মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদা ইয়াসমিন আলোকিত চট্টগ্রামকে বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ডাকাতির ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় এখনো ভুক্তভোগী পরিবার কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এএ/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm