কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের রাহাত আলীপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
রোববার (২২ নভেম্বর) সকাল ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ঘরের আসবাবপত্রসহ মূল্যবান মালামাল পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাহাত আলীপাড়ার বাসিন্দা নুরুল হকের বাড়িতে হঠাৎ আগুন দেখতে পান তাঁরা। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল অল্প সময়ের মধ্যেই পুরো বসতঘরটি পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয়রা আরও জানান, আগুন দেখতে পেয়ে তাঁরা তা নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই বসতঘরটি পুড়ে যায়। অগ্নিকাণ্ডে ঘরের আসবাবপত্রসহ প্রয়োজনীয় সব মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
জানতে চাইলে পেকুয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ শফিউল আলম আলোকিত চট্টগ্রামকে বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এমকেডি/আলোকিত চট্টগ্রাম

