মিরসরাইয়ে কেমিক্যাল কারখানায় আগুন, গা ঢাকা দিয়েছেন কর্মকর্তারা

মিরসরাইয়ে একটি কেমিক্যাল কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মিরসরাই সদর ইউনিয়নের ওয়ার্লেস এলাকায় অবস্থিত বিসিক শিল্প নগরীর নাছির কারখানায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে অগ্নিকাণ্ডের পর গা ঢাকা দিয়েছেন নাছির কারখানা কর্মকর্তারা।

জানতে চাইলে মিরসরাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা হ্লা মারমা আলোকিত চট্টগ্রামকে বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কারখানার ভেতর কেমিক্যাল থাকার কারণে সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ আমাদের দুটি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডের পর কারখানা কর্তৃপক্ষের লোকজন গা ঢাকা দিয়েছে। এতে ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বললেই জানা যাবে কী কারণে আগুন লেগেছে।

এএ/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm