মনসুরের মেয়াদ থাকলেও বাতিল, বদলে গেল গভর্নরও

বদলে গেছে বাংলাদেশ ব্যাংকের গভর্নরও। গভর্নর ড. আহসান এইচ মনুসরের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ বাকি থাকলেও তা বাতিল করেছে সরকার। একইসঙ্গে মো. মোস্তাকুর রহমানকে নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার স্বাক্ষরিত পৃথক দুই প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

আহসান এইচ মনসুরের নিয়োগ বাতিলের প্রজ্ঞাপনে বলা হয়, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ১৩ আগস্ট, ২০২৪ তারিখের ৫৩.০০.০০০০.৩১১.১১.০১৬.১৭-৬০ সংখ্যক প্রজ্ঞাপনমূলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগকৃত ড. আহসান এইচ মনসুরের নিয়োগের অবশিষ্ট মেয়াদ এতদ্বারা বাতিল করা হলো।

অপরদিকে পৃথক বিজ্ঞপ্তিতে নতুন গভর্নর নিয়োগের বিষয়ে বলা হয়, মো. মোস্তাকুর রহমান এফসিএমএকে অন্যান্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তার যোগদানের তারিখ থেকে ৪ (চার) বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ দেওয়া হলো। গভর্নর পদে দায়িত্ব পালনকালে সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তির শর্ত অনুযায়ী তিনি বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা বাংলাদেশ ব্যাংক থেকে গ্রহণ করবেন। নিয়োগের অন্যান্য বিষয়াদি চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

মোস্তাকুর রহমান বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সদস্য। তিনি হেরা সোয়েটার্স নামে একটি পোশাক কারখানার মালিক। বাংলাদেশ ব্যাংকের ১৪তম গভর্নর হিসেবে তিনি দায়িত্ব পালন করবেন।

এর আগে আজ দুপুরেই গভর্নর ড. আহসান এইচ মনসুরকে সরিয়ে দেওয়ার খবর ছড়িয়ে পড়ে। এরপর তিনি হঠাৎ কেন্দ্রীয় ব্যাংক ত্যাগ করেন। চলে যাওয়ার সময় নতুন গভর্নর নিয়োগ ও তাঁর পদত্যাগের বিষয়ে জানতে চাইলে তিনি একটি গণমাধ্যমকে বলেন, আমি পদত্যাগ করিনি, তবে খবরে শুনেছি।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর ৯ আগস্ট বিকেলে পদত্যাগ করেন তৎকালীন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। ১৩ আগস্ট আহসান এইচ মনসুরকে গভর্নর নিয়োগ করা হয়।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm