বৃষ্টিতে ভাসছে চট্টগ্রাম—জলাবদ্ধতা, চালু হলো বিমানবন্দর

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে চট্টগ্রামে ভারী বৃষ্টি হচ্ছে। আজ (২৭ মে) সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত মাত্র তিন ঘণ্টায় হয়েছে ১৩২ মিলিমিটার বৃষ্টি! এদিকে টানা ১৭ ঘণ্টা বন্ধ থাকার পর চালু হয়েছে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা।

সরেজমিন দেখা গেছে, সকাল থেকে ভারী বৃষ্টির কারণে নগরের নিচু এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এ অবস্থায় ভীষণ দুর্ভোগ পোহাতে হচ্ছে অফিসগামী মানুষদের।

এদিকে কর্ণফুলী নদীতে জোয়ার থাকা অবস্থায় ভারী বৃষ্টি হলে জলাবদ্ধতা পরিস্থিতি ভয়ঙ্কর রূপ নিবে বলে শঙ্কা করা হচ্ছে। ভারী বৃষ্টি, জোয়ার ও পাহাড়ি ঢলে ভয়াবহ এ পরিস্থিতি দেখা দিতে পারে।

এর আগে রেমালের প্রভাবে উত্তাল ছিল সমুদ্র। জোয়ারের পানির উচ্চতা বাড়ায় ডুবে যায় পতেঙ্গা বেড়িবাঁধ সংলগ্ন আকমল আলী রোডের জেলেপাড়া। এটি বেড়িবাঁধের বাইরে হওয়ায় সেখানে দ্রুত পানি ঢুকে যায়। এখানকার প্রায় সব ঘর ও দোকানে ঢুকেছে পানি।

পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ২০৫.৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত মাত্র তিন ঘণ্টায় বৃষ্টি হয়েছে ১৩২ মিলিমিটার।

অপরদিকে ১৭ ঘণ্টা বন্ধ থাকার পর শুরু হয়েছে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা। আজ ভোর পাঁচটা থেকে পুনরায় যাত্রীসেবার পাশাপাশি রানওয়ের কার্যক্রম শুরু হয়।

এর আগে আবহাওয়া অধিদফতর চট্টগ্রামে ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলার সঙ্গে সঙ্গে রোববার বেলা ১২টা থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ ঘোষণা করা হয়। প্রাথমিকভাবে রাত আটটা পর্যন্ত এ ঘোষণা বহাল থাকবে জানালেও পরে তা সোমবার ভোর পাঁচটা পর্যন্ত বাড়ানো হয়।

উল্লেখ্য, ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পাশাপাশি বন্ধ ঘোষণা করা হয় চট্টগ্রাম বন্দর ও বঙ্গবন্ধু টানেল।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm