কক্সবাজারের কুতুবদিয়ায় হযরত শাহ আব্দুল মালেক আল কুতুবীর ২৬তম বার্ষিক ফাতেহা এবং ওরস শরিফ আজ (২৯ জানুয়ারি) থেকে শুরু হয়েছে। আধ্যাত্মিক এই মিলনমেলায় অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছে লাখো ভক্ত-আশেকান।
দুদিনব্যাপী এ আয়োজন শেষ হবে কাল (৩০ জানুয়ারি)। ওইদিন আখেরি মোনাজাতের মধ্যদিয়ে ওরসের আনুষ্ঠানিকতা শেষ হবে। বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, শৃঙ্খলা, কল্যাণ ও মুক্তি কামনা করে মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে আখেরি মোনাজাত পরিচালনা করবেন কুতুব শরীফ দরবারের সাজ্জাদানশীন হযরত মওলানা শাহাজাদা শেখ ফরিদ (ম.)।
এদিকে সুষ্ঠু ও সুন্দরভাবে ওরস সম্পন্ন করতে কুতুব শরীফ দরবারের এন্তেজামিয়া কমিটির তত্ত্বাবধানে এবং স্থানীয় প্রসাশনের উদ্যোগে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে পুরো এলাকা। সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থাও রয়েছে।
ভক্তদের নিরাপত্তা নিশ্চিতে পুলিশের পাশাপাশি সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া রয়েছে স্বেচ্ছাসেবক দলও।
ভক্তদের জন্য রয়েছে বিশুদ্ধ পানি ও খাবার। এছাড়া স্বাস্থ্যসম্মত স্যানিটেশন এবং আলোকসজ্জার ব্যবস্থাও করা হয়েছে। জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় ওষুধসহ মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে।
বার্ষিক ফাতেহা উপলক্ষে পবিত্র খতমে কোরআন, হামদ, নাত ও ক্বিরাত প্রতিযোগিতা, মালেক শাহ হুজুরের জীবন ও কর্ম এবং তাসাউফভিত্তিক আলোচনা ও সিরাত মাহফিল হচ্ছে।
এমকেডি/আলোকিত চট্টগ্রাম


