মিরসরাইয়ে মহান বিজয় দিবসে শহীদদের শ্রদ্ধা জানাতে যাওয়ার পথে বাসের ধাক্কায় মো. আলী হোসেন সুমন (৩৭) নামে এক যুবদল কর্মী নিহত হয়েছেন।
রোববার (১৫ ডিসেম্বর) রাত ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী অংশের নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।
নিহত আলী হোসেন উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের দক্ষিণ ওয়াহেদপুর এলাকার মো. আখেরুজ্জামানের ছেলে। তিনি এলাকায় যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। দুই মেয়ে সন্তানের বাবা আলী হোসেন পেশায় ইলেকট্রিক মিস্ত্রি।
আরও পড়ুন : চট্টগ্রামে শ্রদ্ধায় বীর শহীদদের স্মরণ
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ১৫ ডিসেম্বর রাতে দলীয় কর্মসূচির অংশ হিসেবে নিজামপুর সরকারি কলেজ শহীদ মিনারে নেতাকর্মীদের সঙ্গে ফুল দিতে যাচ্ছিলেন আলী। এসময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী সেন্টমার্টিন পরিবহনের একটি বাসের ধাক্কায় মারাত্মক আহত হয়ে ঘটনাস্থলেই নিহত হন।
নিহতের চাচা শহিদুল ইসলাম বলেন, নিজামপুর সরকারি কলেজ শহীদ মিনারে শহীদদের শ্রদ্ধা জানাতে যাওয়ার পথে ভাতিজা আলী হোসেন ছিল পেছনের দিকে। মহাসড়ক ধরে নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে পৌঁছালে পেছন থেকে দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এসময় ভাতিজা ঘটনাস্থলে নিহত হয়।
এ বিষয়ে যোগাযোগ করা হলে নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী উপপুলিশ পরিদর্শক মো. জাহাঙ্গীর আলম বলেন, সড়ক দুর্ঘটনায় আলী হোসেন নামে এক পথচারী নিহত হয়েছেন। নিহতের লাশ উদ্ধার করে পরিবারের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া হস্তান্তর করা হয়েছে। তবে দুর্ঘটনার পরপরই গাড়ি ফেলে চালক ও সহকারী পালিয়ে যায়। বাসটি উদ্ধার করে কুমিরা হাইওয়ে পুলিশের হেফাজতে দিয়েছি।
এএ/আরবি


