আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। বিজয়ের ৫৩ বছর পূর্ণ হলো আজ। এই দিনটি বাঙালি জাতির হাজার বছরের ইতিহাসে সবচেয়ে গৌরবময় দিন। যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এ দেশ, সেই বীর শহীদদের গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় দিনব্যাপী নানা আয়োজনে স্মরণ করছে সর্বস্তরের জনগণ।
১৯৭১ সালের এই দিনে বাঙালি জাতি অর্জন করে কাঙ্ক্ষিত বিজয়। এর মধ্যদিয়ে বাঙালি জাতি পায় একটি সার্বভৌম দেশ, পবিত্র সংবিধান, নিজস্ব মানচিত্র ও লাল–সবুজ পতাকা। পায় স্বাধীন জাতি হিসেবে বিশ্বের বুকে নিজেদের অস্তিত্ব আর মর্যাদা।
সোমবার ভোর থেকে নগরের কাট্টলীতে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানাতে ফুল হাতে আসেন হাজারো মানুষ।
আরও পড়ুন : শ্রদ্ধা—ভালোবাসার ফুলে ভরপুর শহীদ মিনার

এদিন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শহীদ বেদি ছেয়ে যায় নানা রঙের ফুলে ফুলে। এসময় দল বেঁধে ফুল নিয়ে শ্রদ্ধা জানাতে আসতে থাকেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পাশাপাশি নানা শ্রেণি-পেশার মানুষ। শ্রদ্ধা জানাতে আসা অনেকেই আসেন গায়ে লাল-সবুজের পোশাক, হাতে ফুল, ব্যানার ও ফেস্টুন নিয়ে। পরে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে শ্রদ্ধা জানানো হয়।
এর আগে জেলা প্রশাসনের উদ্যোগে নগরের কাট্টলীতে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে বিজয় দিবসের কর্মসূচি শুরু হয়। প্রথম প্রহরে স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। এরপর চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. জিয়াউদ্দিন, পুলিশ কমিশনার হাসিব আজিজ ও জেলা প্রশাসক ফরিদা খানমসহ শ্রদ্ধা জানান বীর মুক্তিযোদ্ধারা।
এসময় মেয়র শাহাদাত সাংবাদিকদের বলেন, বিজয়ের ৫৩ বছরেও বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হয়নি। ৫৩টি বছর পার হয়ে গেছে, কিন্তু আমরা এখনও গণতন্ত্রের জন্য সংগ্রাম করছি। এখনও মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং স্বাস্থ্যের জন্য আমাদের লড়াই চালিয়ে যেতে হচ্ছে। মানুষের মৌলিক অধিকার সুরক্ষিত হলে, আমরা আমাদের বিজয়ের প্রকৃত সুফল অর্জন করতে পারব।
আরবি/আলোকিত চট্টগ্রাম

