বাঁশখালীতে বরফকলে গ্যাস লিকেজ, ব্যবস্থাপকের মৃত্যু

বাঁশখালীতে বরফকলে গ্যাস লিকেজের ঘটনায় মো. আবুল বশর (৪২) নামে একজনের মৃত্যু হয়েছে।

সোমবার (২১ জুলাই) সকাল ৭টায় চাম্বল ইউনিয়নের চাম্বল বাংলা বাজার এলাকার বরফকলে এ দুর্ঘটনা ঘটে।

আবুল বশর সরল ইউনিয়নের পশ্চিম কাহারঘোনার চান্দ মিয়ার ছেলে। তিনি ওই বরফকলের ব্যবস্থাপক ছিলেন।

আরও পড়ুন : বিমান বিধ্বস্তে ‘বড়’ হচ্ছে মৃত্যুর মিছিল, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চাম্বল বাংলা বাজারের জলকদর খালপাড়ে মো. তফসির উদ্দিনের মালিকানাধীন বরফকলটিতে বেশ কয়েকটি অ্যামোনিয়ো গ্যাস সিলিন্ডার ছিল। ওই সিলিন্ডারগুলোর একটি আজ সকাল সাড়ে ৬টায় লিকেজ হয়। এ সময় সেখানে বরফকলের ব্যবস্থাপক আবুল বশরসহ আরও ৬ জন শ্রমিক ছিলেন। একপর্যায়ে লিকেজ হওয়া গ্যাস থেকে আকস্মিক আগুনের সূত্রপাত হয়। এ সময় আবুল বশরসহ অবস্থানরত সবাই দৌড়ে পালানোর আগে বশরের পিঠ আগুনে ঝলসে যায়। তিনি দৌড়ে কিছুদূর গিয়ে অজ্ঞান হয়ে পড়েন। বাকিরা কোনোরকম প্রাণে বাঁচেন।

পরে উপস্থিত লোকজন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর বরফকলের মালিক মো. তফসির উদ্দিন আত্মগোপন করেছেন। তাঁর ব্যবহৃত মুঠোফোনও বন্ধ।

জানতে চাইলে বাঁশখালী থানার এসআই মো. আরিফ হোসেন বলেন, আবুল বাশারের মৃত্যুর বিষয়টি নিয়ে তদন্ত চলছে। নিহতের পরিবারের সদস্যদর মতামতের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইউবি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm