চট্টগ্রাম কর্ণফুলী উপজেলায় ফাঁসিতে ঝুলে জান্নাতুল ফেরদৌস (২১) নামে এক গৃহবধূ আত্মহত্যার চেষ্টা করেছেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থার তাঁর মৃত্যু হয়।
শনিবার (২৭ এপ্রিল) সন্ধ্যার দিকে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
আজ (২৮ এপ্রিল) সকাল ৭টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবধূর মৃত্যু হয়।
নিহত জান্নাতুল ফেরদৌস সাতকানিয়া উপজেলার আবদুল হাকিম জিসানের স্ত্রী। তারা চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
আরও পড়ুন : চট্টগ্রামে আইনজীবীর গলায় ফাঁস—স্ত্রী বলছে ‘আত্মহনন’, পুলিশের সন্দেহ ‘খুন’
জানা যায়, পুলিশ জানায়, ২০২২ সালে জান্নাতুল ফেরদৌস ও জিসানের বিয়ে হয়। নিহত গৃহবধূর আগের ঘরে চার বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।
নিহতের স্বজনরা জানান, স্বামী-স্ত্রীর মধ্যে সাম্প্রতিক সময়ে পারিবারিক কলহ চলছিল। শনিবার সন্ধ্যায় স্বামীর সঙ্গে চা-নাস্তা করার পর জান্নাতুল বাসায় একা ছিলেন। কিছুক্ষণ পর স্বামী বাসায় ফিরে এসে দেখেন স্ত্রী ওড়না দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলছেন। পরে তাকে দ্রুত উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৭টায় তার মৃত্যু হয়।
যোগাযোগ করা হলে কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মু. শরীফ আলোকিত চট্টগ্রামকে বলেন, এটি আত্মহত্যার ঘটনা। মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
জেজে/আরবি


