কক্সবাজারের পেকুয়ায় আগুনে পুড়ে গেছে প্রবাসীর বসতঘর। এ সময় ঘরের বারান্দায় থাকা চারটি গরুও পুড়ে মারা যায়। আগুন নেভাতে গিয়ে এক তরুণ দগ্ধ হন।
রোববার (১৬ আগস্ট) সকাল ১১টার দিকে বারবাকিয়া ইউনিয়নের ফাঁসিয়াখালী পশ্চিম কুতুবপাড়া এলাকার বাসিন্দা মালয়েশিয়া প্রবাসী আবু জাফরের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুনে নগদ টাকাসহ ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগী পরিবারের। দগ্ধ তরুণ আবু বকর (১৮) আবু জাফরের ছেলে।
স্থানীয় সুত্রে জানা গেছে, রোববার সকাল ১১টার দিকে আবু জাফরের বাড়িতে আগুন দেখা যায়। বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তের মধ্যে আগুন বাড়ির চারিদিকে ছড়িয়ে পড়ে। এতে বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে যায়। এ সময় বাড়ির বারান্দায় থাকায় চারটি গরুও পুড়ে অঙ্গার হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে পরিবারটি খোলা আকাশের নিচে মানবেতর দিন কাটাচ্ছে।
আবু জাফরের স্ত্রী জুবাইদা বেগম বলেন, হঠাৎ দেখতে পাই দাউ দাউ করে জ্বলছে আগুন। আগুনে নগদ ১ লাখ ৮০ হাজার টাকা, চারটি গরু, ধান ও মূল্যবান মালামাল পুড়ে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
জানতে চাইলে বারবাকিয়া ইউপির প্যানেল চেয়ারম্যান আনিসুল করিম আলোকিত চট্টগ্রামকে বলেন, আগুনে নগদ টাকা, গরু, ধানসহ বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। পরিবারটি নিঃস্ব হয়ে গেছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে।
এমকেডি/আলোকিত চট্টগ্রাম


