খাম বাণিজ্য, মারামারি থেকে শুরু করে নানা ইস্যুতে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছিল চট্টগ্রাম কলেজে। এবার সাংগঠনিক অনিয়ম ও বিশৃঙ্খলার দায়ে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের কমিটি পূর্ণাঙ্গ করার আগেই বিলুপ্ত করা হয়েছে।
শুক্রবার (১৭ মে) চট্টগ্রাম নগর ছাত্রলীগ সভাপতি ইমরান আহমেদ ইমু ও সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাংগঠনিক অনিয়ম ও বিশৃঙ্খলার কারণে ২০১৮ সালের ১৭ সেপ্টেম্বর মাহমুদুল করিমকে সভাপতি ও সুভাষ মল্লিক সবুজকে সাধারণ সম্পাদক করে ঘোষিত কমিটি বিলুপ্ত করা হয়েছে।
আরও পড়ুন : চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দুগ্রুপে ফের সংঘর্ষ, রক্তাক্ত ৯
এ বিষয়ে জানতে চাইলে নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর আলোকিত চট্টগ্রামকে বলেন, সাংগঠনিক অনিয়ম ও বিশৃঙ্খলার দায়ে এ কমিটি বিলুপ্ত করা হয়েছে। নগর ছাত্রলীগের প্যাডে বিষয়টি জানানো হলেও সেখানে বিস্তারিত লেখা সম্ভব নয়।
জানা গেছে, ২০১৮ সালের ১৭ সেপ্টেম্বর এক বছরের জন্য ২৫ সদস্যের চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ। পাঁচ বছর পর ২০২৩ সালের ২৯ জুলাই সেই কমিটিতে ৩০ জনকে অন্তর্ভুক্ত করলেও পূর্ণাঙ্গ কমিটি করতে পারেনি সভাপতি মাহমুদুল করিম ও সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক সবুজ।
আরএস/আরবি


