কক্সবাজারে পাহাড় ধসে গর্ভবতী স্ত্রীসহ স্বামীর মৃত্যু হয়েছে।
শহরের বাদশা ঘোনায় বৃহস্পতিবার (২০ জুন) রাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে।
মারা যাওয়ারা হলেন— স্থানীয় ওমর ফারুক জামে মসজিদের মুয়াজ্জিন আনোয়ার হোসেন ও তার স্ত্রী মাইমুনা আক্তার।
কক্সবাজার পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর ওসমান সরওয়ার টিপু বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, পাহাড় ধসে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। আমি ঘটনাস্থলে এসে পরিদর্শন করেছি। তবে এটা আমার এলাকার মধ্যে পড়েনি। ৯ নং ওয়ার্ডের আওতায় পড়েছে।
যোগাযোগ করা হলে ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর হেলাল উদ্দিন কবির আলোকিত চট্টগ্রামকে বলেন, আমার এলাকায় পাহাড় ধসে দুজনের মৃত্যু হয়েছে। আমি খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছি।
প্রতিবেশী ও স্বজনেরা জানান, রাতভর বৃষ্টির কারণে হঠাৎ পাহাড় ধসে পড়ে। তখন ফায়ার সার্ভিস এবং পুলিশকে বারবার কল করা হয়। কয়েক ঘণ্টা চেষ্টার পরও তারা কেউ সাড়া দেয়নি। পরে স্থানীয়রা মাটি কেটে তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
জানা গেছে, আনোয়ার হোসেন বাদশা ঘোনা ওমর ফারুক জামে মসজিদের মোয়াজ্জেম। ৭ মাস আগে তার সঙ্গে বিয়ে হয় মাইমুনার।
কয়েকদিন ধরে ভারি বৃষ্টি হচ্ছে কক্সবাজারে। এর আগে ১৯ জুন কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পৃথক পাহাড় ধসের ঘটনায় ১০ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে ২ জন স্থানীয় এবং ৮ জন রোহিঙ্গা।
বিডি/আলোকিত চট্টগ্রাম

