পটিয়ায় আওয়ামী লীগ নেতা সাহাব উদ্দিন (৪৪) ও যুবলীগ নেতা শাহ পারভেজ রোমানকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৩ এপ্রিল) রাতে নগরের চকবাজার এলাকা থেকে যুবলীগ নেতা রোমানকে এবং বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে আওয়ামী লীগ নেতা সাহাব উদ্দিনকে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার যুবলীগ নেতা শাহ পারভেজ রোমান উপজেলার ভাটিখাইন ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের করল কাচারিভিটার আবুল খায়ের মাঝির বাড়ির মৃত আবু তালেবের ছেলে। তিনি পটিয়া উপজেলার যুবলীগ কর্মী। এছাড়া আওয়ামী লীগ নেতা সাহাব উদ্দিন উপজেলা কুসুমপুরা ইউনিয়নের মেহেরআটি এলাকায় মৃত আবদুল হাকিমের ছেলে। তিনি কুসুমপুরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
আরও পড়ুন : সরকারি খাস জায়গায় পাকা ঘর করছে সহোদর ২ পুলিশ
পুলিশ জানায়, গত ৪ আগস্ট পটিয়ার ছাত্র-জনতার মিছিল ও আন্দোলনকারীদের ওপর গুলি চালিয়ে হত্যাচেষ্টার অভিযোগে দুটি মামলার এজহারভুক্ত আসামি রোমান। আওয়ামী লীগ নেতা সাহাব উদ্দিনও বিস্ফোরক মামলার আসামি।
এ বিষয়ে পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর আলোকিত চট্টগ্রামকে বলেন, শাহ পারভেজ রোমান গত ৪ আগস্ট ছাত্র-জনতার মিছিল ও আন্দোলনরত বিক্ষোভকারীদের ওপর বেশ কয়েক রাউন্ড গুলি ছুড়েন। সিসিটিভি ফুটেজ ও সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবি প্রকাশ হয়েছে। তিনি দুটি হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি। আওয়ামী লীগ নেতা সাহাব উদ্দিন বিস্ফোরক মামলার আসামি।
ওসি আরও বলেন, গ্রেপ্তার দুজনকে আজ বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
কেএ/আলোকিত চট্টগ্রাম


