পটিয়ায় গভীর রাতে পৃথক অভিযানে তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে একজন যুবলীগ নেতা, আরেকজন জিআর সাজাপ্রাপ্ত এবং অন্যজন একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি।
রোববার (৩ মে ) রাতে এসব অভিযান চালান পটিয়া থানা পুলিশ। সোমবার (৪ মে) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাত সাড়ে তিনটার দিকে উপপরিদর্শক শফিক উল্লাহর নেতৃত্বে উপজেলার খরনা ইউনিয়ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় খরনা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও খরনা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো. মাইমুন প্রকাশ মাইমুনুল ইসলামকে (৩৩) গ্রেপ্তার করা হয়। তিনি বিস্ফোরক দ্রব্য মামলার আসামি ছিলেন।
এদিকে সহকারী উপপরিদর্শক জাফর আহম্মেদ, মো. বিল্লাল হোসেন সরকার ও মো. আতাউর রহমানের সমন্বয়ে আরেক অভিযানে জিআর মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি মো. ফরহাদকে গ্রেপ্তার করা হয়। একই অভিযানে সিআর মামলার পরোয়ানাভুক্ত আসামি মোহাম্মদ নাসির উদ্দিনকেও গ্রেপ্তার করা হয়।
যোগাযোগ করা হলে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক আলোকিত চট্টগ্রামকে বলেন, অপরাধ দমনে পটিয়া থানা পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। যেসব আসামি দীর্ঘদিন ধরে পলাতক কিংবা পরোয়ানাভুক্ত, তাদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে।
কেএ/আলোকিত চট্টগ্রাম


