মায়ের কোল খালি করে চলে গেল দুধের শিশু

চকরিয়ায় দুই দুর্ঘটনায় নিহত ২, রক্তাক্ত ৫

কক্সবাজারের চকরিয়ার হারবাং স্টেশন ও উত্তর হারবাং এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় ছয় মাস বয়সের দুধের শিশুসহ দুজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় নারী ও শিশুসহ আরও পাঁচজন রক্তাক্ত হয়েছেন।

রোববার (৮ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কে এসব দুর্ঘটনা ঘটে।

প্রথম দুর্ঘটনাটি ঘটে বেলা ১২টার দিকে হারবাং স্টেশনে। চকরিয়া থেকে টমটমে উত্তর হারবাং যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা সেনাবাহিনীর একটি ডাবল কেবিন পিকআপের সঙ্গে সংঘর্ষ হয়। এতে টমটম চালকসহ পাঁচজন গুরুতর আহত হন। সেনাবাহিনীর একটি দল দ্রুত আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ছয় মাস বয়সের শিশু আরহামকে মৃত ঘোষণা করেন।

নিহত আরহাম উত্তর হারবাংয়ের গয়ালমারা এলাকার বোরহান উদ্দিনের ছেলে। দুর্ঘটনায় তার মা ফাহমিদা ইয়াসমিন লাকি (২৩), লাকির বড় বোন উর্মী আক্তার, বোরহানের তিন বছর বয়সের মেয়ে আরিশা জান্নাত এবং টমটম চালক জাফর আলম (মৃত আসহাব উদ্দিনের ছেলে) গুরুতর আহত হন। জাফর আলম হারবাংয়ের মহাজনপাড়া এলাকার বাসিন্দা। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এদিকে একই মহাসড়কের উত্তর হারবাং পেট্রোল পাম্প এলাকায় আরেক দুর্ঘটনায় মাহবুবুর রহমান (৬২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের ছৈয়দাবাদ এলাকার আবুল খায়েরের ছেলে।

নিহতের ছেলে আবদুল আজিজ বলেন, তাঁর বাবা সৌদি আরব প্রবাসী। তিন মাস আগে দেশে আসেন। সকালে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন। চকরিয়ায় এক বন্ধুর কাছে যাওয়ার পথে উত্তর হারবাং এলাকায় সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

নিহতের ভাগিনা সাংবাদিক ইলিয়াস আরমান জানান, দুপুরে মহাসড়ক দিয়ে মোটরসাইকেলে বন্ধুর বাড়ি যাওয়ার সময় উত্তর হারবাং পেট্রোল পাম্পের কাছাকাছি পৌঁছালে কোনো একটি দ্রুতগামী যান তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয় বলে ধারণা করা হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে আশপাশে কেউ বিষয়টি দেখতে না পাওয়ায় ঘাতক যানটি শনাক্ত করা সম্ভব হয়নি। আকস্মিক এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মামা মারাত্মকভাবে আহত হন। মামাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

যোগাযোগ করা হলে চিরিঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ সার্জেন্ট জাকিবুল ইসলাম দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি আলোকিত চট্টগ্রামকে বলেন, হারবাং স্টেশনে সেনাবাহিনীর একটি ডাবল কেবিন পিকআপের সঙ্গে টমটমের সংঘর্ষে চালকসহ পাঁচজন আহত হন। তাঁদের মধ্যে ছয় মাস বয়সের এক শিশু মারা যায়। অন্য আহতদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রামে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, একই সময়ে উত্তর হারবাং পেট্রোল পাম্প এলাকায় মহাসড়কের পাশে এক মোটরসাইকেল আরোহীকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আইনগত প্রক্রিয়া শেষে নিহত দুজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এমকেডি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm