মিরসরাইয়ে উপকূলীয় এলাকা দিয়ে মিয়ানমারে সার পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। গ্রেপ্তার সবাই স্থানীয় বিএনপি ও ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত। উপজেলার ওচমানপুর ইউনিয়ন এলাকায় পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন— ওচমানপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও ওই এলাকার মৃত ফজলুল হকের ছেলে মহসিন সম্রাট (৫৭), মহসিন সম্রাটের ছেলে আজাহার উদ্দিন মাহিন (২২) এবং ওচমানপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও ফরিদুল ইসলামের ছেলে ফারাবি হোসেন (২৬)।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন জোরারগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিম।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময় মিরসরাইয়ের জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে হয়ে মিয়ানমারে সার পাচার করে আসছে একটি অসাধু চক্র। গত ৩১ অক্টোবর মিয়ানমারে পাচারের অপেক্ষায় থাকা ৩০১ বস্তা সার জব্দ করে পুলিশ। ওই সময় সার পাচারের সঙ্গে জড়িত বেশ কয়েকজনকে আটক করা হয়। আটকদের দেওয়া তথ্য ও তাদের মোবাইল ফোনের কললিস্ট ধরে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মীর সম্পৃক্ততা পায় পুলিশ।
আটকদের দেওয়া তথ্য ও মুঠোফোনে পাওয়া প্রমাণের ভিত্তিতে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শওকত আকবর সোহাগের অফিসে অভিযান চালায় জোরারগঞ্জ থানা পুলিশ।
জানতে চাইলে ওসি মোহাম্মদ আব্দুল হালিম আলোকিত চট্টগ্রামকে বলেন, ৩০১ বস্তা সার জব্দের ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ করে পুলিশ। নোয়াখালী জেলার সুবর্ণচর এলাকার মাহে আলম মেম্বার ও তার ভাই নুর উদ্দিন সার চালানের বিষয়টি আটকদের কাছে জানায় এবং স্থানীয়ভাবে সাহায্য করার জন্য বলেন। পরবর্তীতে মিরসরাই ইকোনমিক জোন এলাকায় শওকত আকবর সোহাগ ট্রাকভর্তি সারের বস্তাগুলো মুহুরী প্রজেক্টের বেড়িবাঁধ অঞ্চল দিয়ে মিয়ানমারে পাচার করে দেওয়ার জন্য প্রলোভন দেখায়। ফাবিয়াতুল ফারাবিসহ অপরাপর আসামিদের সহায়তায় তিনি সারের বস্তাগুলো মিয়ানমারে পাচারের চেষ্টা করেন। তবে পুলিশের তৎপরতার কারণে তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়। এরপর অভিযান চালিয়ে পাচারের সঙ্গে জড়িত মহসিন সম্রাট, তাঁর ছেলে আজহার উদ্দিন ও ফারাবি হোসেনকে গ্রেপ্তার করা হয়।
ওসি আরো বলেন, বাদশাহ নামে একজনকে অর্থনৈতিক অঞ্চলে অবস্থিত যুবদল নেতা শওকত আকবর সোহাগের অফিস থেকে সার পাচার-সংক্রান্ত তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। তবে তাঁর সম্প্রক্ততা পাওয়া যায়নি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা শেষে গ্রেপ্তার তিনজনকে আদালতে পাঠানো হয়েছে।
এএ/আলোকিত চট্টগ্রাম


