দক্ষিণ চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে বুধবার থেকে রোজা

দক্ষিণ চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকেই রোজা শুরু হবে। আজ (১৭ ফেব্রুয়ারি) রাতেই সাহরি খেয়ে রোজা শুরু করবে সাতকানিয়ার মির্জাখীল দরবার শরীফের অনুসারী দক্ষিণ চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামের মানুষ।

সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা শুরু করেন দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া, চন্দনাইশ, লোহাগাড়া, বাঁশখালী, বোয়ালখালী, আনোয়ারা ও পটিয়া উপজেলার অর্ধশতাধিক গ্রামের লক্ষাধিক মানুষ। সাতকানিয়ার মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা ২০০ বছরের বেশি সময় ধরে আরব বিশ্বের সঙ্গে মিল রেখে এভাবে রোজা, কোরবানি ও ঈদ পালন করে আসছেন।

মির্জারখীল দরবার সূত্রে জানা যায়, প্রায় আড়াইশ বছর আগে সাতকানিয়া উপজেলার মির্জারখীল গ্রামে হযরত মাওলানা মোখলেছুর রহমান জাহাঁগীরি (রহ.) হানাফি মাজহাব ফতোয়া দেন, পৃথিবীর যেকোনো দেশে চাঁদ দেখা গেলে রোজা, ঈদুল ফিতর, ঈদুল আজহাসহ সব ধর্মীয় উৎসব পালন করার। এরই ধারাবাহিকতায় অনুসারীরা এই নিয়মে সব ধর্মীয় উৎসব পালন করে আসছেন।

যোগাযোগ করা হলে মির্জাখীল দরবারের দায়িত্বশীল মুহাম্মদ জালালুল হাই আলোকিত চট্টগ্রামকে বলেন, আমরা হানাফী মাযহাবের অনুসারী হিসেবে আগামীকাল থেকে পবিত্র রমজান মাসের সিয়াম পালন শুরু হবে, ইনশাআল্লাহ। সে অনুযায়ী আজ রাতে আমরা সাহরি খেয়ে রোজা রাখা শুরু করবো।

ডিএ/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm