পটিয়ায় একটি ডোবা থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার ভাটিখাইন ইউনিয়নের পটিয়া বাইপাস সড়কের করল এলাকার পাশের একটি ডোবা থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহতের বয়স আনুমানিক ৪২ বছর বলে ধারনা করা হচ্ছে।
স্থানীয়রা জানান, রোববার সকাল সাড়ে ৯টার দিকে ডোবার পানিতে লাশ ভাসতে দেখে তারা পুলিশকে খবর দেন। পরে পটিয়া থানার এসআই মো. ইকবাল বাহারের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
পটিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, লাশটি অর্ধগলিত হওয়ায় তাৎক্ষণিকভাবে পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। নিহতের পরনে থাকা পোশাক ও অন্যান্য আলামত সংগ্রহ করা হয়েছে। পরিচয় শনাক্তের পাশাপাশি মৃত্যুর কারণ জানতে মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
জানতে চাইলে পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউল হক আলোকিত চট্টগ্রামকে বলেন, ডোবা থেকে উদ্ধার করা লাশের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। এটি অর্ধগলিত অবস্থায় পাওয়া গেছে। পরনে থাকা পোশাক ও অন্যান্য আলামতের মাধ্যমে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি মৃত্যুর কারণ উদঘাটনে ময়নাতদন্ত করা হবে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
তিনি আরও বলেন, এটি স্বাভাবিক মৃত্যু, দুর্ঘটনা নাকি অন্য কোনো ঘটনা ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের অগ্রগতির পর তা স্পষ্ট হবে। লাশ উদ্ধারের ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। লাশের পরিচয় শনাক্ত হলে স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হবে। একইসঙ্গে ঘটনাস্থলের আশপাশের এলাকা ও সংশ্লিষ্ট আলামত যাচাই করে মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধান করা হচ্ছে।
কেএ/আলোকিত চট্টগ্রাম
