জামগাছে মেছোবাঘ, ধরতে গেলে পুকুরে দিল লাফ

সীতাকুণ্ডে লোকালয়ে জামগাছের ওপর বসে আছে মেছোবাঘ। স্থানীয়রা ধরার চেষ্টা করলে বাঘটি পুকুরে লাফ দেয়। এরপর মাছ ধরার জাল দিয়ে পুকুর থেকে বাঘটিকে ধরে ইকোপার্কে অবমুক্ত করা হয়।

শনিবার (২৮ জুন) দুপুর ৩টার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদ এলাকায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন : বনের মেছো বাঘ—লোকালয়ে, ফিরিয়ে দেওয়া হলো বনেই

‎‎স্থানীয় বাসিন্দা লোকমান হোসেন রকিব জানান, ইউনিয়ন পরিষদের পাশেই আমার বাড়ি। দুপুরে হঠাৎ একটি মেছোবাঘ বাড়ির পাশে জাম গাছের ওপর দেখতে পায় আমার ভাতিজা মাহমুদ, কায়েদ, শাহারিয়ার ও নাঈম। প্রথমে বাঘটিকে দেখে ভয় পেলেও পরে তারা দলবদ্ধ হয়ে বাঘটিকে ধরার চেষ্টা করে। এ সময় বাঘটিকে ধাওয়া দিলে বাঘটি পুকুরে লাফ দেয়। পরে স্থানীয়রা মাছ ধরার জাল দিয়ে পুকুর থেকে বাঘটিকে ধরতে সক্ষম হয়।

তিনি আরও জানান, ‎বাঘটি সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ও ইকো পার্কের কর্মকর্তাকে অবমুক্ত করার জন্য হস্তান্তর করা হয়েছে। বাঘটির ওজন ২০ কেজির মতো হবে।

‎যোগাযোগ করা হলে ‎বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কের দায়িত্বরত রেঞ্জ কর্মকর্তা মো. আলাউদ্দিন আলোকিত চট্টগ্রামকে বলেন, বাড়বকুণ্ড এলাকা থেকে একটি মেছোবাঘ আটক করে বোটানিক্যাল গার্ডেন ও ইকো পার্কে নিয়ে আসা হয়। পরে বাঘটিকে পাহাড়ের ভেতর অবমুক্ত করা হয়।

‎‎এসএমই/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm