চট্টগ্রামে ডেঙ্গুতে গত ৪৮ ঘণ্টায় স্বস্তি মিলেছে। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত কারো মৃত্যু হয়নি। অথচ ১৫ থেকে ১৮ নভেম্বর টানা চারদিন ৫ জনের মৃত্যু হয়েছিল।
এদিকে মৃত্যু থামলেও কমছে না আক্রান্ত। প্রতিদিনই নতুন করে আক্রান্ত হচ্ছেন অনেকে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮ জন। এদের মধ্যে সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ২২ জন, বেসরকারি হাসপাতালে ৬ জন।
বুধবার (২০ নভেম্বর) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
আরও পড়ুন : চট্টগ্রামে ৫ দিন পর ডেঙ্গুতে সুখবর
প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুসারে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮ জন। এদের মধ্যে সরকারি হাসপাতালে ভর্তি হয়েছে ২২ জন এবং বেসরকারি হাসপাতালে ৬ জন। আক্রান্তদের মধ্যে পুরুষ ১৪ জন, নারী ৯ জন ও শিশু ৫ জন। এ নিয়ে চলতি বছর মোট আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৭১৭ জন। এর মধ্যে ১ হাজার ৯৯৬ জন পুরুষ, ১ হাজার ৩৭ জন নারী ও ৬৮৪ জন শিশু।
মোট আক্রান্তের ২ হাজার ৪১৩ জন নগরের বাসিন্দা এবং ১ হাজার ৩০৪ জন উপজেলার বাসিন্দা। আর চলতি মাসে আক্রান্ত হয়েছেন ৭৮২ জন। গত অক্টোবরে আক্রান্ত হয়েছিলেন ১ হাজার ৪৩০ জন।
এদিকে চলতি বছর ডেঙ্গুতে মোট ৩৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু চলতি নভেম্বরেই ১৮ দিনে প্রাণ গেছে ১৪ জনের। এর আগে অক্টোবরে ৯ জন, সেপ্টেম্বরে ১১ জন এবং জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত মৃত্যু হয়েছিল ৫ জনের। মারা যাওয়াদের মধ্যে ২০ জন নারী, ১৫ জন পুরুষ ও ৪ জন শিশু।
সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে জানা যায়, উপজেলায় ১ হাজার ৩০৪ আক্রান্তদের মধ্যে লোহাগাড়ায় ২০৮ জন, সাতকানিয়ায় ১৫৩ জন, বাঁশখালীতে ৭৬ জন, আনোয়ারায় ৫০ জন, চন্দনাইশে ৮৪ জন, পটিয়ায় ৯০ জন, বোয়ালখালীতে ৫১ জন, রাঙ্গুনিয়ায় ৩৬ জন, রাউজানে ১৫৪ জন, ফটিকছড়িতে ৪৭ জন, হাটহাজারীতে ৫৭ জন, সীতাকুণ্ডে ১৮৪ জন, মিরসরাইয়ে ৩৮ জন, সন্দ্বীপে ১৪ জন এবং কর্ণফুলী উপজেলায় ৬২ জন।
আরবি/আলোকিত চট্টগ্রাম


