চট্টগ্রামে ৫ দিন পর ডেঙ্গুতে সুখবর

৫ দিন পর ডেঙ্গুতে সুখবর পেল চট্টগ্রাম। টানা ৫ দিন পর ডেঙ্গুতে চট্টগ্রাম পার করেছে মৃত্যুশূন্য দিন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত কারো মৃত্যু হয়নি। তবে এসময় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৫ জন। আক্রান্তদের মধ্যে ৪০ জন সরকারি হাসপাতালে এবং ৫ জনবেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে পুরুষ ২৫ জন, নারী ১১ জন এবং ৯ জন শিশু।

এর আগে সোমবার (১৮ নভেম্বর) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনের তথ্যানুযায়ী, ওমর ফারুক (২০) ও শাবানা (৩০) দুজন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। এদের মধ্যে ওমর ফারুক বান্দরবানের লামা এলাকার এবং শাবানা সন্দ্বীপ উপজেলার বাসিন্দা। ওমর ফারুক সেদিনই চট্টগ্রাম মেডিকেলে ভর্তি হয়েছিলেন। শাবানা ভর্তি হয়েছিলেন ১৪ নভেম্বর। ওমর ফারুক ভর্তির দিনই রাত ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শাবানা মারা যান ১৭ নভেম্বর সকাল সোয়া ৯টার দিকে।

আরও পড়ুন : ডেঙ্গু কেড়ে নিল ফারুক—শাবানার প্রাণ

এর আগে গত ১৫ নভেম্বর ডেঙ্গু আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি হন বান্দরবানের লামার বাসিন্দা আবু আহমদ। তিনি পরদিন ১৬ নভেম্বর মারা যান। এছাড়া গত ১৫ নভেম্বর একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নগরের আকবরশাহ এলাকার বাসিন্দা মনির হোসাইন (৬০)। সেদিন চট্টগ্রাম মেডিকেলে মারা যান নাসিমা আকতার (৪৭)। নগরের হালিশহর এলাকার বাসিন্দা নাসিমা গত ৯ নভেম্বর চট্টগ্রাম মেডিকেলে ভর্তি হয়েছিলেন।

সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন সূত্রে জানা যায়, এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ হাজার ৬৮৯ জন। চলতি নভেম্বরে ভর্তি হন ৭৫৪ জন। এর মধ্যে ১ হাজার ৯৮২ জন পুরুষ, ১ হাজার ২৮ জন নারী ও ৬৭৯ জন শিশু। আক্রান্তের মধ্যে ২ হাজার ৩৯১ জন নগরের বাসিন্দা এবং ১ হাজার ২৯৮ জন উপজেলার বাসিন্দা।

এদিকে চলতি বছর ডেঙ্গুতে মোট ৩৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চলতি নভেম্বরের ১৮ দিনে প্রাণ গেছে ১৪ জনের। এর আগে অক্টোবরে ৯ জন, সেপ্টেম্বরে ১১ জন এবং জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত মৃত্যু হয়েছিল ৫ জনের। মারা যাওয়াদের মধ্যে ১৯ জন নারী, ১৪ জন পুরুষ ও ৪ জন শিশু।

অন্যদিকে উপজেলায় ১ হাজার ২৯৮ আক্রান্তদের মধ্যে লোহাগাড়ায় ২০৮ জন, সাতকানিয়ায় ১৫৩ জন, বাঁশখালীতে ৭৮ জন, আনোয়ারায় ৪৯ জন, চন্দনাইশে ৮৩ জন, পটিয়ায় ৯০ জন, বোয়ালখালীতে ৫১ জন, রাঙ্গুনিয়ায় ৩৫ জন, রাউজানে ১৫৩ জন, ফটিকছড়িতে ৪৭ জন, হাটহাজারীতে ৫৭ জন, সীতাকুণ্ডে ১৮৪ জন, মিরসরাইয়ে ৩৭ জন, সন্দ্বীপে ১৪ জন এবং কর্ণফুলী উপজেলায় ৬১ জন।

ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সতর্ক ও সচেতন থাকার পরামর্শ দিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম।

আরবি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm