চট্টগ্রামের রাউজানে অবৈধ চারটি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এর মধ্যে একটি ইটভাটাকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৩ নভেম্বর) সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ডাবুয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রাবার বাগান সংলগ্ন মেলুয়া এলাকায় এ অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর ঢাকা দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তার।
জানা যায়, অভিযানে এমআরসি, ডিএনসি, কেবি ডাব্লিউ ও বিবিসি-২ নামের চারটি ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়। এছাড়া জেবিএল ইটভাটাকে করা হয় তিন লাখ টাকা জরিমানা।
আরও পড়ুন : ২ ইটভাটাকে বড় অঙ্কের জরিমানা
এ বিষয়ে চট্টগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আশরাফ উদ্দিন বলেন, ইটভাটার চিমনী ১২০ ফুট উচ্চতা, রাবার বাগান ঘেঁষে ইটভাটা স্থাপন ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় চারটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া পাহাড় কাটার অভিযোগে জেবিএল ইটভাটার মালিক মো. ইব্রাহিমকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তার আলোকিত চট্টগ্রামকে বলেন, অবৈধভাবে ইটভাটা চালানোর কোনো সুযোগ নেই। অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
এসএ/আরবি

