আনোয়ারায় দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সাদ-মুছা ইন্ডাস্ট্রিয়াল পার্কে ডাকাতি করতে গিয়ে একজন আটক হয়েছে। এ সময় ধস্তাধস্তিতে আটক ওই ব্যক্তিসহ ইন্ডাস্ট্রিয়াল পার্কের দুই নিরাপত্তা কর্মী আহত হন।
বুধবার (৭ অক্টোবর) মধ্যরাতে আনোয়ারা সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাদ-মুছা ইন্ডাস্ট্রিয়াল পার্কে এ ঘটনা ঘটে।
জানা যায়, রাত আনুমানিক তিনটার দিকে দেশীয় অস্ত্র নিয়ে কয়েকজন ব্যক্তি পার্কের ভেতরে প্রবেশ করেন। নিরাপত্তাকর্মীরা বিষয়টি দেখতে পেয়ে তাদের ধাওয়া দেন। এ সময় কয়েকজন পালিয়ে গেলেও জহির (২৮) নামের একজনকে আটক করা হয়। ধস্তাধস্তির সময় জহির এবং পার্কের দুই নিরাপত্তা কর্মী আলী জিন্নাহ (৪৬) উত্তম দত্ত (৫১) আহত হন।
আটক জহির বৈরাগ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আহত দুই কর্মীর মধ্যে আলী জিন্নাহ বারখাইন ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের এবং উত্তম দত্ত আনোয়ারা সদর ইউনিয়নের বোয়ালগাঁও এলাকার বাসিন্দা।
আহত নিরাপত্তাকর্মী আলী জিন্নাহ বলেন, বিকেলে ড্রেনের পাশে পাঁচ-ছয়জনকে অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান করতে দেখি। তারা প্রথমে গাছের টুকরা দিয়ে আমাকে মারধর করে। পরে আরও কয়েকজনকে মারধর করে এবং কুপিয়ে চলে যায়। যাওয়ার সময় তারা দা, কিরিচ, কাটারসহ কয়েকটি অস্ত্র ফেলে যায়।
জানতে চাইলে সাদ-মুছা ইন্ডাস্ট্রিয়াল পার্কের ইনচার্জ এস এম শাজেদুর রহমান আলোকিত চট্টগ্রামকে বলেন, রাত আনুমানিক তিনটার দিকে নিরাপত্তাকর্মীরা কয়েকজনকে অবৈধভাবে প্রতিষ্ঠানে প্রবেশ করতে দেখে ধাওয়া দেন। পাঁচ-ছয়জনের মধ্যে কয়েকজন পালিয়ে গেলেও একজনকে আটক করা হয়। পরে বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। এর আগেও প্রতিষ্ঠানে একাধিকবার চুরির ঘটনা ঘটেছে এবং এ বিষয়ে থানায় একাধিকবার জিডি করা হয়েছে।
যোগাযোগ করা হলে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি থাকা একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
কেএস/আলোকিত চট্টগ্রাম


