মিরসরাইয়ের ৭০২ বস্তা প্লাস্টিকের তৈরি কাঁচামালসহ মো. সিদ্দিক হোসেন (৩৯) নামে একজনকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার ওসি মো. আব্দুল হালিম।
থানা পুলিশ জানায়, মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ থানা এলাকায় ঢাকামুখী লেনে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় চেকপোস্টের দিকে আসা কাভার্ডভ্যানকে (যশোর-ট-১১-৪৬১১) সংকেত দিলে অজ্ঞাত ৫/৬ জন লোক পালিয়ে যায়। পরে কাভার্ডভ্যানটিতে অভিযান চালিয়ে ৭০২ বস্তা প্লাস্টিকের তৈরি কাঁচামাল উদ্ধার করা হয়। গ্রেপ্তার সিদ্দিক হোসেন উদ্ধার করা প্লাস্টিক তৈরির কাঁচামালের বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি।
জানতে চাইলে ওসি মো. আব্দুল হালিম আলোকিত চট্টগ্রামকে বলেন, মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ৪৫ লাখ টাকার ৭০২ বস্তা প্লাস্টিকের তৈরি কাঁচামাল ও চোরারচালান কাজে ব্যবহৃত নীল-হলুদ রঙের একটি কাভার্ডভ্যান আটক করা হয়। উদ্ধার করা কাঁচামাল সরকারি শুল্ক ও অন্যান্য বৈধ কর ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে চীন থেকে বাংলাদেশে আনা হয়েছে। গ্রেপ্তার সিদ্দিক হোসেনসহ পলাতক তিন-চারজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা করা হয়েছে। সিদ্দিক হোসেন গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার মৃত সামছুল আলমের ছেলে।
এএ/আলোকিত চট্টগ্রাম


