কক্সবাজারের চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফজলুল করিম সাঈদীকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে ফেনী জেলার সদর লালপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-১৫।
গ্রেপ্তার ফজলুল করিম সাঈদী চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের হালকাকারা এলাকার মৃত ইছহাক মিয়ার ছেলে।
এদিকে আজ (২১ ডিসেম্বর) দুপুরে তাঁকে চকরিয়া থানায় হস্তান্তর করা হয়।
আরও পড়ুন : চট্টগ্রামে মসজিদের সামনে থেকে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা হাজী ইকবাল
এ বিষয়ে র্যাব-১৫ কক্সবাজারের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মো. কামরুজ্জামান জানান, শুক্রবার রাতে ফেনীর লালপুর থেকে সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ফজলুল করিম সাঈদীকে গ্রেপ্তার করা হয়। তিনি পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলা থেকে সড়কপথে ঢাকা যাচ্ছিলেন।
এএসপি আরও জানান, সাঈদীর বিরুদ্ধে চকরিয়া থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। এছাড়া তিনি কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাবেক সংসদ সদস্য হাসিনা আহমদের গাড়িবহরে হামলা মামলার আসামি।
যোগাযোগ করা হলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে আলোকিত চট্টগ্রামকে বলেন, আজ দুপুরে দিকে র্যাব-১৫ এর একটি টিম গ্রেপ্তার ফজলুল করিম সাঈদীকে থানায় হস্তান্তর করেছে। পরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
এমকেডি/আরবি

