চকরিয়ায় গভীর রাতে প্রবাসীর ঘরে ডাকাতি

কক্সবাজারের চকরিয়ার প্রবাসী শ্রীমন্ত দাশের বাড়িতে ডাকাতির ঘটনার অভিযোগ পাওয়া গেছে। এসময় ৩ ভরি স্বর্ণালংকার, নগদ ১২ হাজার টাকা, রুপার অলংকারসহ ৬ লাখ টাকার মালামাল লুট করেছে বলে দাবি ভুক্তভোগী পরিবার।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত তিনটার দিকে  পৌরসভার অধীন থানা কার্যালয়ের অদূরে বাটাখালী হিন্দুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন : চকরিয়ায় ডাকাতির আগেই অস্ত্রসহ ধরা ৩ ডাকাত, পালাল ৮

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত তিনটার দিকে মুখোশ পরিহিত ৫-৬ জন ডাকাত ধারালো অস্ত্র নিয়ে প্রবাসীর শ্রীমন্ত দাশের ঘরে ঢুকে। পরে সবাইকে জিম্মি করে হত্যার হুমকি দেয়। পাহারাদার রবীন্দ্র দাশ তাদের বাধা দিতে গেলে হাত ও পায়ে ছুরিকাঘাত করা হয়। এসময় গৃহকর্তার মেয়ের গলায় ও ঘরের আলমিরায় থাকা ৩ ভরি স্বর্ণালংকার, নগদ ১২ হাজার টাকা ও রুপার অলংকারসহ ৬ লাখ টাকার মালামাল লুট করে নেয় ডাকাতের দল।

যোগাযোগ করা হলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে আলোকিত চট্টগ্রামকে বলেন, ডাকাতির খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়। আহত পাহারাদার রবীন্দ্র দাশ ও প্রবাসীর স্ত্রী রুবি দাশ ঘটনার বিবরণ দিয়েছেন। এসব বক্তব্য ভিডিও ধারণ করা হয়েছে।

ওসি আরও বলেন, ক্ষতিপ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত এজাহার বা অভিযোগ দেওয়া হয়নি। এজাহার দিলে অবশ্যই মামলা হবে। ডাকাতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

এমকেডি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm