কক্সবাজারের চকরিয়ায় নিজ বাড়ি থেকে আবদুর রহিম (৬৪) নামে এক বৃদ্ধের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৭ জুলাই) উপজেলার ফাঁশিয়াখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ছায়রাখালী গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, রোববার সন্ধ্যায় নাতি মাদ্রাসা থেকে বাড়িতে এসে নানাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজনকে জানায়। এরপর থানায় খবর দেওয়া হয়। পুলিশ রাত ৮টার দিকে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। এ সময় বাড়িতে কেউ ছিল না।
বৃদ্ধ আবদুর রহিম মহেশখালী উপজেলার মাতারবাড়ি এলাকার লাল মিয়ার ছেলে। তিনি একসময় বিদেশ থাকতেন।
আরও পড়ুন : হাতির ডেরায় পড়ে ছিল অচেনা বৃদ্ধের লাশ
স্থানীয়রা জানান, কয়েক বছর আগে মহেশখালী থেকে চকরিয়ায় আসেন আবদুর রহিম। ফাঁসিয়াখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ছায়রাখালী এলাকার স্থানীয় নাসির উদ্দিনের ছেলে আবদুল্লাহ থেকে রিজার্ভ বনভূমি কিনে বাড়ি বানিয়ে তিনি বসবাস করছিলে। তার সঙ্গে এক প্রতিবন্ধী মেয়ে ও নাতি থাকত। স্ত্রী ও ছেলেরা কোথায় থাকেন এ বিষয়ে স্থানীয় লোকজন কিছুই জানেন না।
কয়েকদিন আগে তার প্রতিবন্ধী মেয়ে মহেশখালীর মাতারবাড়ি এলাকায় যায়। আবদুর রহিমের সঙ্গে নাতি ছিল। রোববার সকালে নাতি মাদ্রাসায় পড়তে যায়। সন্ধ্যায় ঘরে ফিরে দেখেন বারান্দায় নানা রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। বিষয়টি সে স্থানীয় লোকজনকে জানায়।
যোগাযোগ করা হলে চকরিয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম আলোকিত চট্টগ্রামকে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ হত্যার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। লাশের শরীরের বিভিন্ন স্থানে কোপের চিহ্ন রয়েছে।
এমকেডি/আরবি


