উপদেষ্টাদের রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে চিহ্নিত করা উদ্দেশ্যপ্রণোদিত : হাসনাত আবদুল্লাহ

চলমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে চিহ্নিত করার অপচেষ্টা উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

রোববার (২৫ মে) দুপুরে চট্টগ্রাম নগরের দুনম্বর গেট এলাকায় এক পথসভায় তিনি এ কথা বলেন।

হাসনাত বলেন, এই দুই উপদেষ্টা কোনো দলীয় নয়, তারা সর্বজনীন গণআন্দোলনের প্রতিনিধিত্ব করছেন। উপদেষ্টাদের দলীয় পরিচয়ে ট্যাগ করার অপচেষ্টা তাদের সম্মানহানির শামিল। এতে আন্দোলনের সর্বজনীন চরিত্রকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। আমরা এই প্রচেষ্টার তীব্র নিন্দা জানাই।

আরও পড়ুন : ২৩ একর জমি দিলেন প্রধান উপদেষ্টা, যা থাকবে চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন হাসপাতালে

তিনি বলেন, বিচারব্যবস্থার সংস্কার, নতুন সংবিধান প্রণয়ন, গণপরিষদ ও আইনসভার নির্বাচন, আহত-শহীদ পরিবার পুনর্বাসনসহ মৌলিক সংস্কারের দাবিতে প্রধান উপদেষ্টার কাছে সুস্পষ্ট বার্তা পৌঁছে দিয়েছি। পাশাপাশি দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছি।

তিনি আরও বলেন, চট্টগ্রাম দক্ষিণ অঞ্চল থেকে আমরা গণসংলাপের যাত্রা শুরু করেছি। সারা বাংলাদেশ ঘুরে জনগণের মতামত জানব এবং তাদের কাছে আমাদের পরিকল্পনা তুলে ধরব। এটি একতরফা প্রচার নয়, বরং পারস্পরিক সংলাপ।

এ সময় উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হক, যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতু ও জুবাইরুল আরিফ।

জেজে/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm