আনোয়ারায় ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় ৬ ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড। এসময় তাদের কাছ থেকে দেশি অস্ত্রসহ ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
বুধবার (২০ নভেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার উপকূলীয় রায়পুর ইউনিয়নের খোর্দ্দ গহিরার সাঙ্গু নদীর মোহনা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন— মো. সাগর (২৬), তানভীর রহমান জিসান (২৩), মো. হোসেন (২৮), মো. রাকিব (২০), মো. সাঈদ (২১) ও মো. শাহাদাত হোসেন (৩২)। তারা সবাই রায়পুর খোর্দ্দ গহিরা দোভাষীর বাজারের বাসিন্দা।
আরও পড়ুন : আনোয়ারায় পিশাচ ধরা
কোস্টগার্ড সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১টার দিকে টহলের সময় খবর পায় রায়পুর খোর্দ্দ গহিরা এলাকায় দুটি বোটে একত্রিত হয়েছে ডাকাতরা। পরদিন বুধবার দুপুর দেড়টার দিকে খোর্দ্দ গহিরা এলাকার সাঙ্গুর মোহনায় পৌঁছালে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ৬ জনকে আটক করা হয়। এসময় জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির প্রস্তুতির কথা স্বীকার করে। এরপর তাদের কাছ থেকে ৪টি ছুরি, ১টি কুড়াল, ৩টি লোহার হাতুড়ি, ২টি হাক্সাও ব্লেড, ২টি স্ক্রু ড্রাইভার, ১টি লেচ প্লেয়ার, ৬টি ঢালি, ১টি বাঁকানো সাবল, ৪টি মোবাইল ফোন ও ১টি ইঞ্জিন চালিত কাঠের বুট জব্দ করা হয়।
যোগাযোগ করা হলে বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন আলোকিত চট্টগ্রামকে বলেন, আটক ৬ ডাকাতকে কোস্টগার্ড থানায় হস্তান্তর করেছে। আজ দুপুরে মামলার পর তাদের আদালতে পাঠানো হয়েছে।
কাঞ্চন/আরবি


