আনোয়ারায় কবরস্থানের পাশ থেকে দিল মোহাম্মদ ওরফে দেলোয়ার (৩৩) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার বৈরাগ ইউনিয়নের উত্তর বন্দর এলাকার করবরস্থানের পাশে লাশটি দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠায়।
নিহত দিল মোহাম্মদ ওরফে দেলোয়ার কর্ণফুলী উপজেলার ইছানগর এলাকার আলী আহমদের ছেলে। তিনি আনোয়ারার বৈরাগ ইউনিয়নের উত্তর বন্দর এলাকায় ভাড়া বাসায় থাকতেন বলে জানা গেছে।
বৈরাগ ইউনিয়নের মহিলা ইউপি সদস্য রুবি আক্তার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে পুলিশকে খবর দিই। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়। যতটুকু জানতে পেরেছি, তিনি আমাদের এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তার পরিবারের সদস্যদের কাছ থেকে জানতে পেরেছি, গতকাল রাত তিনটার দিকে তিনি বাসা থেকে বের হয়েছিলেন। এরপর আর বাসায় ফেরেননি। সকালে স্থানীয় লোকজন কবরস্থানের পাশে তার লাশ দেখতে পান।
রুবি আক্তার আরও বলেন, দিল মোহাম্মদ বিভিন্ন সময় চুরি ও ডাকাতির সঙ্গে জড়িত ছিলেন পরিবারের সদস্যরা জানিয়েছেন। বিভিন্ন থানায় তার বিরুদ্ধে মামলা রয়েছে। তবে তিনি রাজমিস্ত্রিসহ বিভিন্ন ধরনের কাজ করতেন।
জানতে চাইলে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমেদ আলোকিত চট্টগ্রামকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ চমেক হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। মৃত্যুর কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি।
কেএস/আলোকিত চট্টগ্রাম


