নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার মেয়রের একান্ত ব্যক্তিগত সহকারী (এপিএস) সাগর খাঁনকে (২০) অপহরণ চেষ্টা মামলায় ৫ জনকে গ্রেপ্তার করেছে বাকলিয়া থানা পুলিশ।
বুধবার (৩ আগস্ট) রাত ১১টায় শাহ আমানত সেতু সংযোগ সড়কের তুলাতলী মোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- মো. আকবর হোসেন (২২), মো. শাহীন (২৫), মো. মিনহাজ (২২), মো. আরাফাত (২২) ও মো. রবিন (২২)।
আরও পড়ুন: অপহরণের ৩ বছর পর চট্টগ্রামের শিশুকে ঢাকায় পেল পিবিআই
পুলিশ জানায়, শনিবার (৩০ জুলাই) নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার মেয়র আলাউদ্দিনের পরিবারের সঙ্গে কক্সবাজারে গিয়েছিলেন তার এপিএস সাগর খাঁন। এসময় তার আত্মীয়-স্বজন ও এলাকার লোকজনও সঙ্গে ছিলেন। কিন্তু বুধবার (৩ আগস্ট) কক্সবাজার থেকে ফেরার পথে নগরের বাকলিয়া থানার তুলাতলী মোড়ে তাদের বাসটি থামায় আকবর, শাহীন, মিনহাজ, আরাফাত ও রবিন।
পরে তারা যাত্রীবাহী বাসে উঠে মেয়রের এপিএস সাগর খাঁনকে খুঁজতে থাকেন। তখন মেয়রের সাগর খাঁন পরিচয় দিলে মারধর এবং টেনেহিঁচড়ে বাস থেকে নামিয়ে একপর্যায়ে তাকে অপহরণের চেষ্টা করা হয়। কিন্তু বাসে থাকা অন্য যাত্রীরা তাদের বাধা দেন এবং আকবরকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে আকবরের দেওয়া তথ্যে রবিন, মিনহাজ, আরাফাত ও শাহিনকে আটক করে।
এ বিষয়ে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম আলোকিত চট্টগ্রামকে বলেন, অপহরণ চেষ্টার ঘটনায় নেত্রকোনার পৌর মেয়রের এপিএস সাগর খাঁন বাদী হয়ে থানায় মামলা করেছেন। গ্রেপ্তার আসামিদের আদালতে পাঠানো হয়েছে।


