অধ্যক্ষের সামনেই শিক্ষককে পেটালেন শিক্ষক

আনোয়ারায় সহকারী প্রধান শিক্ষককে মারধরের ঘটনায় অভিযুক্ত সহকারী শিক্ষক জামাল উদ্দিনের বিচার চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থী ও স্থানীয়রা। এর আগে এ ঘটনায় সহকারী প্রধান শিক্ষক হামিদুল হক সহকারী শিক্ষক জামাল উদ্দিনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন।

রোববার (১৯ মে) সকাল ১১টায় বন্দর মেরিন একাডেমির স্কুল এন্ড কলেজের মাঠে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়।

এর আগে সোমবার (১৮ মে) দুপুরে একাডেমির অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আকিমুল ইসলামের কক্ষে দুশিক্ষকের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

এ বিষয়ে সহকারী প্রধান শিক্ষক হামিদুল হক বলেন, বিদ্যালয়ের পরীক্ষার ফলাফল ভালো না হওয়ায় শিক্ষকদের পাঠদানের বিষয়ে জোর দেওয়া হয়। শনিবার দুপুরে হঠাৎ সহকারী শিক্ষক জামাল উদ্দিন ছুটি নিয়ে চলে যেতে চাইলে আমি ক্লাস শেষ করে যাওয়ার অনুরোধ করি। এতে তিনি ক্ষিপ্ত হয়ে আমার সঙ্গে তর্কে জড়ান। এরপর আমি অধ্যক্ষ আকিমুল ইসলামের কক্ষে গিয়ে অভিযোগ জানালে সেখানে শিক্ষক জামাল উদ্দিন উপস্থিত হয়ে অধ্যক্ষের সামনেই আমাকে মারধর করেন। এ বিষয়ে আমি বন্দর পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দিয়েছি।

আরও পড়ুন : রাউজানে শিক্ষক কেটে নিলেন রাস্তার পাশের অর্ধশত সরকারি গাছ 

অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত সহকারী শিক্ষক জামাল উদ্দিন বলেন, সহকারী প্রধান শিক্ষক হামিদুল হকের কাছে পিকনিকের টাকা জমা দেওয়ার বিষয়ে জানতে চাইলে তার সঙ্গে বাকবিতণ্ডা হয়। পরে অধ্যক্ষের কাছে বিষয়টি জানাতে গেলে সেখানে হামিদুল হক স্যার বসেছিলেন। এসময় কথাবলার একপর্যায়ে তিনি ক্ষিপ্ত হয়ে আমাকে ঘুষি মারলে দুজনের মধ্যে হাতাহাতি হয়।

যোগাযোগ করা হলে বিষয়টি স্বীকার করে মেরিন একাডেমি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আকিমুল ইসলাম বলেন, সহকারী প্রধান শিক্ষক হামিদুল হক এসে আমার কাছে সহকারী শিক্ষক জামাল উদ্দিনের ছুটি চাওয়া নিয়ে কথা কাটাকাটি হয় মর্মে অভিযোগ করেন। এরই মধ্যে সহকারী শিক্ষক জামাল উদ্দিন উপস্থিত হয়ে আমাকে জানান তাদের মধ্যে পিকনিকের টাকা জমা দেওয়ার বিষয়ে কথা কাটাকাটি হয়েছে। এরপর দুজনের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।

অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান বলেন, মেরিন একাডেমি স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক বিদ্যালয়ের একজন শিক্ষকের বিরুদ্ধে হামলার কথা উল্লেখ করে অভিযোগ করেছেন। ঘটনার তদন্ত চলছে।

কাঞ্চন/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm