২ ডজন মামলার আসামি হক সাবসহ র‌্যাবের জালে ৪, অস্ত্র উদ্ধার

মিরসরাইয়ে ২৪ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী হক সাবসহ (২৭) ৪ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় দুটি ওয়ান শুটারগান ও চার রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

শনিবার (৯ আগস্ট) বিকেলে র‌্যাব-১৫ ক্যাম্পের সদস্যরা কক্সবাজার শহরের লাবনী পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এরপর রাতে তাদের জোরারগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

গ্রেপ্তাররা হলো— জোরারগঞ্জ ইউনিয়নের খিলমুরারী গ্রামের শাহ আলমের ছেলে শীর্ষ সন্ত্রাসী হক সাব (২৭), একই গ্রামের মুক্তার হুজুর বাড়ির আবুল হোসেনের ছেলে আবু সাইদ (২৭), হিঙ্গুলী ইউনিয়নের মেহেদীনগর গ্রামের আবুল কাশেমের ছেলে ইউসুফ প্রকাশ ডাক্তার (২৬) এবং একই ইউনিয়নের কদমতলা এলাকার ওবাইদুল হকের ছেলে এমরান হোসেন (২৭)। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হক সাবের গোপন আস্তানা থেকে দুটি ওয়ান শুটারগান ও চার রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

র‌্যাব-৭ এর ভারপ্রাপ্ত উপপরিচালক (মিডিয়া) মেজর সাদমান সাকিব বলেন, গ্রেপ্তাররা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য। তারা এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

যোগাযোগ করা হলে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আবদুল হালিম আলোকিত চট্টগ্রামকে বলেন, হক সাবের বিরুদ্ধে মাদক মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানা, তিনটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাসহ ২৪টি মামলা রয়েছে। গ্রেপ্তার হওয়া বাকি তিনজনও জোরারগঞ্জ থানার একাধিক মামলার আসামি।

এএ/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm