২০২৪ সালের ৫ আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৪ মাস পর করেছে অন্তবর্তীকালীন সরকার। এই ১৪ মাসে রাউজানে অন্তত ১৬টি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে রয়েছে গুলি করে খুন, পিটিয়ে খুন, অপহরণের পর খুন কিংবা রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার পর মরদেহ উদ্ধার। প্রায় প্রতিটি খুনের পেছনে রয়েছে রাজনৈতিক দ্বন্দ্ব, ব্যক্তিগত দ্বন্দ্ব কিংবা আধিপত্য বিস্তারের প্রতিযোগিতা।
২০২৪ সালের ২৮ আগস্ট অপহরণের পর খুন হন আবদুল মান্নান (২৮)। এ ঘটনার তিনদিন পর ১ সেপ্টেম্বর একটি গলির ভেতর থেকে উদ্ধার করা হয় ইউসুফ মিয়া (৬৫) নামে এক ব্যক্তির মরদেহ। ১১ নভেম্বর চিকদাইরে হাফেজ আবু তাহের (৪৮) নিখোঁজ হওয়ার তিনদিন পর তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।
চলতি বছরের ২৪ জানুয়ারি নোয়াপাড়ায় প্রকাশ্যে গুলি করে খুন করা হয় মো. জাহাঙ্গীর আলমকে (৫৫)। ১৯ ফেব্রুয়ারি নোয়াপাড়ায় পিটিয়ে খুন করা হয় মুহাম্মদ হাসানকে (৩৫)। এরপর ১৫ মার্চ হলদিয়ায় ইফতার বিতরণ নিয়ে বিএনপির অভ্যন্তরীণ সহিংসতায় খুন হন কমর উদ্দিন জিতু (৩৬)।
২১ মার্চ পূর্বগুজরায় গরুচোর সন্দেহে জনতার হাতে গণপিটুনিতে নিহত হন মো. রুবেল (৩৫)। অভিযোগ রয়েছে, এই ঘটনার নেপথ্যে স্থানীয় রাজনৈতিক নেতার অনুসারীদের উসকানি ছিল।
১ এপ্রিল পারিবারিক জমি নিয়ে বিরোধে খুন হন নূর আলম বকুল (৪৩)। ১৭ এপ্রিল পাহাড়তলী ইউনিয়নে মো. জাফরের (৪০) মরদেহ উদ্ধার করা হয়। একই মাসে বিএনপিকর্মী মানিক আবদুল্লাহ (৩৬) নিজ দলের লোকজনের হাতে গুলিতে নিহত হন।
২২ এপ্রিল রাউজান সদর ইউনিয়নের গাজিপাড়ায় গুলি করে খুন করা হয় ইব্রাহিমকে (২৮)। ৩ জুলাই উরকিরচরে কিশোরদের ধূমপান নিয়ে বিরোধ থামাতে গিয়ে তাদের হামলায় প্রাণ হারান মো. আলমগীর।
৬ জুলাই কদলপুরে অটোরিকশা থেকে নামিয়ে প্রকাশ্যে গুলি করে খুন করা হয় মুহাম্মদ সেলিমকে (৪০)। ১০ জুলাই বেতবুনিয়ার লুঙ্গিপাড়ায় উদ্ধার করা হয় দিদারুল আলমের (৪০) মরদেহ। তার মৃত্যু ‘রহস্যজনক’ বলে জনশ্রুতি আছে।
২৫ জুন কর্ণফুলী নদীর পাড়ে যুগীপাড়া বোট ঘাট এলাকায় বালিচাপা দেওয়া অবস্থায় পাওয়া যায় রুপন নাথের (৩৭) মরদেহ। সর্বশেষ ৭ অক্টোবর বিকেলে রাউজান-হাটহাজারীর সীমান্তবর্তী চট্টগ্রাম-কাপ্তাই মহাসড়কের মদুনাঘাট ব্রিজের দক্ষিণ পাশে চট্টগ্রাম ওয়াসার পানি শোধনাগারের সামনে ঘটে খুনের ঘটনা। হেলমেট পরে মোটরসাইকেলে করে আসা সন্ত্রাসীরা বিএনপি নেতা ব্যবসায়ী আবদুল হাকিমের প্রাইভেট কারকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে। এতে প্রাণ হারান আবদুল হাকিম। আহত হন তার গাড়ির চালক মো. ইসমাইল।
এছাড়া গত ১৪ মাসে রাউজানে বিএনপির দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে আহত হয়েছেন তিন শতাধিক মানুষ। এখনও রাউজানে প্রতিনিয়ত ঘটছে হামলার ঘটনা।
১৮ জুলাই কদলপুর দক্ষিণ শমসেরপাড়ায় আবদুল নবীর ছেলে আবদুর রহিমকে পিটিয়ে হাত-পা ভেঙে দেয় দুর্বৃত্তরা। উত্তর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক গোলাম আকবর খোন্দকারের গাড়িবহরে হামলা, গাড়ি ভাঙচুর ও মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার ঘটনায় উভয়পক্ষের অন্তত ৬০ জন আহত হন।
স্থানীয়রা বলছেন, অপরাধ করেও রাজনৈতিক ছত্রচ্ছায়ায় পার পেয়ে যাচ্ছে অপরাধীরা। এ কারণে দিন দিন অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে।
এদিকে ১৪ মাসে ১৬ খুনের বিষয়ে জানতে চাইলে রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া আলোকিত চট্টগ্রামকে বলেন, ১৬ নয়, ১৪টি হত্যাকাণ্ড ঘটেছে। এর মধ্যে ৭টি খুনের ঘটনা ঘটেছে রাজনৈতিক বিরোধের কারণে। বাকি সাতটি ব্যক্তিগত, জমি সংক্রান্ত, আত্মহত্যা, গণপিটুনি এবং পারিবারিক কলহের জেরে ঘটেছে।
আলোকিত চট্টগ্রাম

