ভেনেজুয়েলায় আঘাত হানা জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত মৃতের সংখ্যা ১ হাজার ৪৩০ জন। নিখোঁজ রয়েছে ৫০ হাজারেরও বেশি মানুষ।
স্থানীয় সময় বুধবার (২৪ জুন) সন্ধ্যায় দেশটিতে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন জায়গায় শত শত ঘরবাড়ি ধসে পড়ে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছিল, এই ভূমিকম্পে এক লাখ মানুষের মৃত্যু হতে পারে। তবে দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ সর্বশেষ আপডেটে ১৬৪ জনের মৃত্যুর তথ্য দেন। ভূমিকম্পে ৯৭১ জন আহত হয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
তবে শেষ খবর পাওয়া পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ হাজার ৪৩০ জন।
বুধবার সন্ধ্যা ৬টা ৪ মিনিটের দিকে প্রথমে ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প হয়। এর পরপরই ৭ দশমিক ৫ মাত্রার দ্বিতীয় ভূমিকম্প আঘাত হানে। দুই ভূমিকম্পের মাঝখানে সময়ের ব্যবধান ছিল মাত্র ৪০ সেকেন্ড।
এদিকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ ইতোমধ্যে ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি করেছেন।
সিএনএনের জিওলোকেশন করা একাধিক ভিডিওতে ভেনিজুয়েলায় ভবন ও অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি দেখা গেছে। যার মধ্যে রয়েছে রাজধানী কারাকাস এবং উপকূলীয় শহর কাতিয়া লা মারও। সেখানে একটি পাহাড়ের ঢালে বেশ কয়েকটি ভবন ধসে পড়তে দেখা গেছে।
বেশকিছু ভিডিওতে দেখা গেছে, আতঙ্কিত বাসিন্দারা তাদের প্রিয়জন ও পোষা প্রাণীসহ ভবনগুলো থেকে বেরিয়ে এসে রাস্তায় জড়ো হচ্ছেন। আতঙ্কিত এসব মানুষ ভয়ে সারারাত বাইরেই কাটান।
আলোকিত চট্টগ্রাম


