মিরসরাইয়ে রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় মো. মজিবুল হক (৭২) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
শনিবার (৬ জুন) সকাল ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মজিবুল হক উপজেলার খৈয়াছরা ইউনিয়নের পশ্চিম খৈয়াছরা গ্রামের আব্দুল হকের ছেলে।
হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদশী সূত্রে জানা গেছে, শনিবার সকালে মজিবুল হক বাড়ি থেকে বের হয়ে বাজারে যাচ্ছিলেন। এ সময় রাস্তা পার হতে গেলে অজ্ঞাত বেপরোয়া গতির ট্রাক ধাক্কা দেয়। এতে তিনি মহাসড়কের পাশে ছিটকে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
যোগাযোগ করা হলে জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শরিফুজ্জামান ভূঁইয়া আলোকিত চট্টগ্রামকে বলেন, বড়তাকিয়া এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মজিবুল হক নামে এক ব্যক্তি মারা গেছেন। পরিবারের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়া হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এএ/আলোকিত চট্টগ্রাম
