দুমড়েমুচড়ে গেল বেপরোয়া দুই মারছা বাস, প্রাণ হারাল ৪ যাত্রী

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী মারসা পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন উভয় গাড়ির অন্তত ৩০ জন যাত্রী।

শনিবার (৯ মে) সকাল ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের হোটেল ফোর সিজনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে উপজেলার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। পরে লোহাগাড়া উপজেলার ট্রমা সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়। নিহতরা হলেন— ঝিনাইদহ জেলার সদর থানার গোপালপুর ইউনিয়নের চান আলীর ছেলে বিজিবি সদস্য নাইমুল ইসলাম জিহান (২১), ঝিনাইদহ সদর থানার গোপালপুরের আনোয়ারের ছেলে মো. নাইম (২১), চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের পাচুরিয়া ৫নং ওয়ার্ডের বদিউল আলমের স্ত্রী রেহেনা বেগম (৬০) এবং ভোলা জেলার মো. মনির।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চুনতি ফোর সিজন এলাকায় চট্টগ্রামমুখী যাত্রীবাহী মারছা বাস এবং কক্সবাজারমুখী আরেকটি যাত্রীবাহী মারছা বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চট্টগ্রামমুখী মারছা পরিবহনটি একটি দোকানে ঢুকে পড়ে এবং কক্সবাজারমুখী অপর মারছা বাসটি একটি গাছসহ মহাসড়কের পাশে পড়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে এক নারীর দ্বিখণ্ডিত মাথাসহ মরদেহ উদ্ধার করেন। গুরুতর আহতদের উদ্ধার করে উপজেলার বিভিন্ন হাসপাতালে পাঠায়। পরে লোহাগাড়া উপজেলার ট্রমা সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় আরও তিন জনের মৃত্যু হয়।

দোহাজারী হাইওয়ে থানার এসআই আবদুস সাত্তার জানান, চট্টগ্রামমুখী একটি মারছা পরিবহনের বাসের সঙ্গে কক্সবাজারমুখী অপর একটি মারছা বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কক্সবাজারগামী মারছা বাসটি সড়কের পূর্ব পাশে একটি গাছের সাথে ধাক্কা লাগে, চট্টগ্রামগামী মারছার অপর বাসটি সড়কের পাশের দোকানে ঢুকে পড়ে। সংঘর্ষে বাস দুটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।

এদিকে দুর্ঘটনার পর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সড়কের দুই পাশে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন আটকা পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাস দুটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

যোগাযোগ করা হলে দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দীন চৌধুরী আলোকিত চট্টগ্রামকে বলেন, হতাহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এসএস/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm