সাতকানিয়ায় রাতের আঁধারে মুখোশধারী দুর্বৃত্তের ছুরি, হাতুড়ি ও লাঠির আঘাতে রক্তাক্ত যুবক শাহাদাত হোসেন (৩২) মারা গেছেন। হামলার ৬ ঘণ্টা পর সোমবার (২৭ এপ্রিল) ভোর ৫টার দিকে তিনি মারা যান।
এর আগে রোববার (২৬ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলার কেওচিয়া ইউনিয়নের সাতকানিয়া রাস্তার মাথা এলাকায় হামলার ঘটনা ঘটে।
নিহত শাহাদাত হোসেন উপজেলার ঢেমশা ইউনিয়নের মাইজপাড়ার মৃত মোহাম্মদ শফির ছেলে। তিনি ৩ ছেলে ও ১ মেয়ের বাবা ছিলেন।
সোমবার ভোর ৫টার দিকে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
জানা যায়, রোববার রাত ১১টার দিকে মুখোশ পরা ১০-১৫ জন দুর্বৃত্ত অটোরিকশা ও মোটরসাইকেলে করে শাহাদত হোসেনের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে আসে। এরপর ছুরি, হাতুড়ি ও লাঠি দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করে চলে যায়।
রক্তাক্ত শাহাদতকে স্থানীয় লোকজন উদ্ধার করে সাতকানিয়া আশ- শেফা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যেতে বলেন।
যোগাযোগ করা হলে সাতকানিয়া থানার উপপরিদর্শক আনোয়ার হোসেন পাটোয়ারী রাতের আধারে মুখোশধারী দুর্বৃত্তের হামলায় ব্যবসায়ী নিহতের বিষয়টি নিশ্চিত করেন। তিনি আলোকিত চট্টগ্রামকে বলেন, এখন পর্যন্ত ঘটনার মূল কারণ জানা যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের পরিচয় উদ্ধারে পুলিশের তৎপরতা চলমান।
এদিকে নিহত শাহাদাত হোসেনের বড় ভাই মোবারক হোসেন বলেন, আমার ভাই দোকানের সামনে একটি চেয়ারে বসেছিলেন। হঠাৎ ১০-১৫ জনের সন্ত্রাসী দল অটোরিকশা ও মোটরসাইকেলে এসে আমার ভাইয়ের মাথা ও শরীরে আঘাত করে। চট্টগ্রাম শহরে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে আমার ভাই মারা গেছে।
যোগাযোগ করা হলে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত (ওসি) মঞ্জুরুল হক আলোকিত চট্টগ্রামকে বলেন, বিষয়টি নিয়ে ইতোমধ্যে আমরা তদন্ত শুরু করেছি। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ডিএ/আলোকিত চট্টগ্রাম


