এপ্রিল মাসে বাড়বে না জ্বালানি তেলের দাম। এপ্রিলে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার এ সিদ্ধান্ত সরকারের।
বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকা (সংশোধিত) অনুযায়ী ভোক্তা পর্যায়ে বহাল থাকবে বর্তমান দাম। নতুন এই সিদ্ধান্ত বুধবার (১ এপ্রিল) থেকে কার্যকর হবে।
মঙ্গলবার (৩১ মার্চ) এক বার্তায় জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানায়, বর্তমানে প্রতি লিটার ডিজেল ১০০ টাকা, অকটেন ১২০ টাকা, পেট্রল ১১৬ টাকা এবং কেরোসিন ১১২ টাকা দরে বিক্রি হচ্ছে। এই দাম অপরিবর্তিত থাকবে এপ্রিল মাসেও।
এর আগে সকালে বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় রেখে নতুন দাম ঘোষণা হতে পারে বলে জানিয়েছিলেন যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী। তিনি জানান, ৩০ মার্চ পর্যন্ত দেশে মোট ১ লাখ ৯২ হাজার ৯১৯ টন জ্বালানি তেল মজুত রয়েছে। এর মধ্যে ডিজেল ১ লাখ ২৮ হাজার ৯৩৯ টন, অকটেন ৭ হাজার ৯৪০ টন, পেট্রল ১১ হাজার ৪৩১ টন এবং জেট ফুয়েল ৪৪ হাজার ৬০৯ টন। এগুলো দিয়ে ১৫ থেকে ১৬ দিনের চাহিদা মেটানো সম্ভব।
এপ্রিল মাসে আরও প্রায় দেড় লাখ মেট্রিক টন ডিজেল দেশে আসবে জানিয়ে যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী বলেন, জ্বালানি সংকটের কোনো আশঙ্কা নেই।
এদিকে জ্বালানি সাশ্রয়ে সাপ্তাহিক ছুটি বাড়ানো, অফিস সময় কমানো এবং অনলাইন ক্লাস চালুর মতো উদ্যোগও সরকারের বিবেচনায় রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও আশ্বস্ত করেছে মন্ত্রণালয়।
আলোকিত চট্টগ্রাম


