৪ ডাকাতের ২ জনই নারী, ছিল অস্ত্র—মাইক্রোবাস—মোটরসাইকেল

কক্সবাজারের চকরিয়ায় ডাকাতির প্রস্ততিকালে দুই নারীসহ ৪ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের হেফাজত থেকে অবৈধ অস্ত্র, ডাকাতির কাজে ব্যবহৃত মাইক্রোবাস ও দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

বুধবার (১৮ মার্চ) ভোরে চিরিঙ্গা জনতা মার্কেট-বেতুয়াবাজার সড়কের চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ড আমানপাড়া এলাকায় এ অভিযান চালায় চকরিয়া থানা পুলিশের একটি টিম। দুপুরে চকরিয়া থানার মিডিয়া শাখা থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন থানার ওসি মো. মনির হোসেন।

ওসি বলেন, চকরিয়াবাসীর ঈদ উৎসব নির্বিঘ্ন করতে বেশ কিছুদিন ধরে চকরিয়া থানা পুলিশ এলাকায় নজরদারি বাড়ানোর পাশাপাশি অভিযান চালিয়ে যাচ্ছে। এরই অংশ হিসেবে থানা পুলিশের একটি দল আজ ভোরে চকরিয়া পৌরসভা ১নং ওয়ার্ডের আমানপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় তারা একদল দুবৃর্ত্তকে চ্যালেঞ্জ করে। এরপর তারা পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে ইমতিয়াজুল কাদের রায়হান (২৮), নাছির উদ্দিন (৩৫), খুরশিদা বেগম (৩৫) ও ইসমত আরা (৩৮) নামের চারজনকে গ্রেপ্তার করে।

ওসি আরও বলেন, পরে গ্রেপ্তারদের দেখিয়ে দেওয়া এলাকা থেকে ১টি একনলা এলজি বন্দুক, ১টি দোনলা এলজি বন্দুক, ১০ রাউন্ড তাজা কার্তুজ, ২টি গ্রিল/তালা কাটার মেশিন, ১টি হাতুড়ি, ১টি রামদা ও ১টি কাঠের বাটযুক্ত চাকু উদ্ধার করা হয়। একইসঙ্গে ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস ও ২টি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়।

ওসি মনির বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়েছে। একটি মামলা অস্ত্র আইনে, অন্যটি ডাকাতির প্রস্তুতির সংশ্লিষ্ট ধারায়। বুধবার দুপুরে তাদের চকরিয়া সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

এমকেডি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm