স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার সিদ্ধান্তে অটুট থাকায় দক্ষিণ চট্টগ্রামের তিন নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। বহিষ্কৃত ওই তিন নেতা প্রাথমিক সদস্যসহ দলের সকল পর্যায়ের পদ হারিয়েছেন।
বুধবার (২১ জানুয়ারি) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বহিষ্কার হওয়া তিন নেতা হলেন— চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য ও চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-আংশিক সাতকানিয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট মিজানুল হক চৌধুরী,
চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও একই আসনের স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম রাহী এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের স্বতন্ত্র প্রার্থী লিয়াকত আলী চেয়ারম্যান।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ এবং সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে তাদের বিরুদ্ধে এ কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এ বিষয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন,
দলীয় শৃঙ্খলা রক্ষা করা আমাদের জন্য সর্বোচ্চ অগ্রাধিকার। কেউ দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে সংগঠনের ক্ষতি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিএনপি কোনোভাবেই শৃঙ্খলাভঙ্গ মেনে নেবে না।
এদিকে বহিষ্কারাদেশ পাওয়ার পর প্রতিক্রিয়া জানিয়ে অ্যাডভোকেট মিজানুল হক চৌধুরী বলেন, আমি দলের দীর্ঘদিনের একজন কর্মী। পরিস্থিতির প্রেক্ষাপটে আমি স্বতন্ত্র হিসেবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। ভবিষ্যতে দলীয় নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা করবো।
শফিকুল ইসলাম রাহী বলেন, দলীয় সিদ্ধান্তকে আমি সম্মান করি। তবে আমার অবস্থান ও বক্তব্য পরবর্তীতে দলের ফোরামে তুলে ধরব।
অন্যদিকে লিয়াকত আলী চেয়ারম্যান বলেন, আমি আমার এলাকার মানুষের চাপে নির্বাচনে দাঁড়িয়েছি। দলের সিদ্ধান্তের বিষয়টি নিয়ে কেন্দ্রের সঙ্গে আলোচনা করবো।
তবে দলীয় সূত্র জানিয়েছে, নির্বাচনে দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থান নেওয়া ও স্বতন্ত্র প্রার্থী হওয়াকে কেন্দ্র করেই এই বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে। আগামী নির্বাচনে দলীয় শৃঙ্খলা আরও কঠোরভাবে অনুসরণ করা হবে বলে জানিয়েছেন বিএনপির একাধিক শীর্ষ নেতা।
আলোকিত চট্টগ্রাম


