মেয়র চ্যালেঞ্জ কাপে শিরোপা জয়ের লক্ষ্যে মোহামেডান স্পোর্টিং ক্লাবের অনুশীলন শুরু

মেয়র চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে ঐতিহ্যবাহী চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব আনুষ্ঠানিক অনুশীলন শুরু করেছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে ক্রীড়া উন্মাদনায় ভরপুর পরিবেশে এই অনুশীলনের উদ্বোধন করেন ক্রীড়া সংগঠক, সমাজসেবক ও চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব ফুটবল কমিটির চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিস মিয়া।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবউদ্দীন শামীম। সঞ্চালনায় ছিলেন ফুটবল কমিটির সাধারণ সম্পাদক দিদার হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুটবল কমিটির ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন সিআইপি, যুগ্ম সম্পাদক জিয়াউর রহমান জিয়া ও আবছার উদ্দিন সোহেল, সদস্য নুরুল আলম, হাসান আলী, ইকবাল হায়দার চৌধুরী, আব্দুস সবুর, আরিফুল ইসলাম মারুফ, কোচ নাছির উদ্দীন, আবু সরওয়ার এবং ক্লাব কর্মকর্তা আইনুল কবির।

অনুশীলন ক্যাম্পের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি মোহাম্মদ ইদ্রিস মিয়া বলেন, চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের রয়েছে গৌরবময় ইতিহাস ও ঐতিহ্য। মেয়র চ্যালেঞ্জ কাপে আমরা শুধুমাত্র অংশগ্রহণ নয়, চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামব। খেলোয়াড়দের কঠোর অনুশীলন ও শৃঙ্খলার মাধ্যমে এই ক্লাব আবারও নিজের হারানো গৌরব ফিরে পাবে।

সভাপতির বক্তব্যে সৈয়দ শাহাবউদ্দীন শামীম বলেন, ফুটবল আমাদের আবেগের খেলা। এই টুর্নামেন্টে অংশ নিয়ে আমরা চট্টগ্রামের ফুটবলে নতুন উদ্দীপনা ফিরিয়ে আনতে চাই। ক্লাবের সব খেলোয়াড়ই এখন মানসিক ও শারীরিকভাবে প্রস্তুতি নিচ্ছে।

অন্যদিকে কোচ নাছির উদ্দীন বলেন, খেলোয়াড়দের ফিটনেস ও টেকনিক্যাল ট্রেনিংয়ের ওপর জোর দেওয়া হচ্ছে। আমরা দলকে সঠিক সমন্বয়ে সাজিয়ে মাঠে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রস্তুত হচ্ছি।

উল্লেখ্য, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা (সিজেকেএস) ক্লাব সমিতি আয়োজিত মেয়র চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ আগামী ২৫ অক্টোবর থেকে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে শুরু হবে। পাঁচটি শক্তিশালী ক্লাবের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব অন্যতম ফেভারিট।

কেএ/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm